ফ্লাইওভার ধসে দোষীদের শাস্তি চান সৌমিত্র
সম্প্রতি কলকাতায় নির্মানাধীন ফ্লাইওভার ধসের ঘটনায় নিহতদের প্রতি সহানুভূতি জানিয়ে এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়ার দাবী জানালেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি।
৩১ মার্চ কলকাতার জোঁড়াসাকো এলাকায় নির্মানাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৬ জন, আহত হয়েছেন ৯০ জন। ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তির দাবীতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সোমবার। সমাবেশে অংশ নেন সৌমিত্রও।
তিনি বলেন, “এটিকে হতবাক করে দেয়ার মতো ঘটনা বললেও কম বলা হবে। এর পেছনে যারাই দায়ী হোক না কেন, সে হোক কোনো সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দল, তাদের শাস্তি হওয়া উচিৎ। আমি তাদের কঠোর শাস্তির দাবী জানাই।”
ঘটনাটি ঘটে যাওয়ার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন টালিগঞ্জের অনেক তারকা। পরিচালক সৃজিত মুখার্জি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়সহ অনেকেই এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবী করেন। ফ্লাইওভারটির নিমর্াণ পরিকল্পনায় গাফিলতির কথা তুলেছেন অনেকেই।
ফ্লাইওভার নির্মাণকারী কোম্পানি আইভিআরসিএলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নগর পুলিশ। এই নির্মাণ কাজে সংশ্লিষ্ট চার জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে ইতোমধ্যে।
