২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ কোন জারিন খান!

৪ এপ্রিল নিজের ফেইসবুক পেইজে এমন দুটো ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী জারিন খান, যা দেখে অনেকেই চমকে গেছেন। ছবিতে যে স্থুলকায় তরুণীকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, জারিন নিজে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 04:15 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

পুরো বিশ্বেই নায়িকাদের দৈহিক গড়ন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। আজ যখন নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের হাওয়া বইছে, তখনও ওজন বেশি হওয়ায় টিপ্পনি শুনেছেন পারিনিতি চোপড়া, সোনাকশি সিনহা এবং হুমা কুরেশির মতো অভিনেত্রীরা।

এবার জারিন খান মেলে ধরলেন নিজের অতীতকে, যা প্রকাশ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি। সোমবার ফেইসবুকে দুটি ছবি পোস্ট করেন জারিন, যা দেখে তাকে চেনা দায় হয়েছিল ভক্তদের জন্য।

পাশাপাশি রাখা পুরনো দুটো ছবিতে দেখা যায় স্থুলকায় এক তরুণীকে। জারিন জানান, দুটো ছবিই তার নিজের। একটি হলো ক্লাস নাইনে পড়ার সময়কার, অপরটি কলেজের দ্বিতীয় বর্ষে ওঠার পরের।

‘হেইট স্টোরি থ্রি’ খ্যাত এই অভিনেত্রী লেখেন, “যখন আমি এই ছবিগুলো দেখি, আমি নিজের জন্য গর্ববোধ করি, আগেও করতাম। এমন স্থূলকায় হওয়া সত্ত্বেও আমি কখনো লোকের কথায় কান দেইনি। কারণ এটা আমার জীবন, আমার দেহ এবং শুধু আমারই অধিকার আছে নিজের দেহের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেয়ার।”

জারিন জানান, কারো কড়া মন্তব্য শুনে নয় বরং নিজের ইচ্ছাতেই একদিন ওজন কমানোর পদক্ষেপ নেন তিনি। প্রথমে খুব কষ্ট হলেও আয়নায় নিজেকে দেখে অনুপ্রাণিত হতে সময় লাগেনি তার।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘ভির’ সিনেমার মাধ্যমে বলিউড যাত্রা শুরু হয় জারিনের।

“যখন আমি বিনোদন জগতে পা রাখি, ততদিনে আমার সব বাড়তি মেদ ঝরিয়ে ফেলেছিলাম। কিন্তু আমার প্রথম সিনেমার চরিত্রের প্রয়োজনে আমাকে ওজন খানিকটা বাড়াতে হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, ওজন বেশি বলে আমাকে সমালোচনার শিকারও হতে হয়। তবে বরাবরের মতো আমি এসব কথায় কান দেইনি।”

হঠাৎ অনেকটা ওজন কমানোর পর চামড়ার দাগ নিয়ে লজ্জা বোধ করেন অনেকে। কিন্তু জারিন জানালেন, দাগগুলো লুকানোর চেয়ে বরং নিজের সাফল্যের প্রতীক হিসেবে এ দাগগুলো দেখানোর পক্ষপাতী তিনি।

জারিনের ভাষ্যে, “ওজন কমানোর পর স্ট্রেচ মার্কস হবেই, এগুলো নিয়ে লজ্জা পাওয়ার বদলে আমি তা প্রদর্শন করাতেই বিশ্বাস করি। দেহের ব্যাপারে আমি সব সময় শুধু নিজের মতামতকেই গুরুত্ব দিয়েছি, লোকের কথাকে নয়!”