২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এদের লজ্জাও হয় না!'

রবীন্দ্রস্মৃতিধন্য কলকাতার জোঁড়াসাকো এলাকায় নির্মানাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ধসে পড়ায় শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ২৩। আশঙ্কা করা হচ্ছে, ইস্পাত-কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছে। এমন পরিস্থিতিতে শোক ও শঙ্কার ছায়া পড়েছে টালিগঞ্জেও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 03:33 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। এবেলাকে তিনি বলেন, “ভীষণ অসহায় লাগছে! কার দোষে এটা ঘটেছে, সেই প্রশ্ন তুলে রেখে উদ্ধারকাজে জোর দেওয়াটা এখন বেশি জরুরি। যাদের উদ্ধার করা হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা দরকার। এখানে দুর্নীতি আছে কি না, ভেজাল ব্যবহার করা হয়েছে কি না সে সব তদন্তসাপেক্ষ।”

তিনি আরও বলেন, “তবে একটা জিনিস বুঝতে পারছি, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট খুবই দুর্বল। এমনিতেই জায়গাটা ঘুপচিমতো। বহু বেআইনি বাড়ি রয়েছে। সেই জায়গায় একটা উড়ালপুল নির্মাণে আরো সাবধান হওয়া অবশ্যই উচিত ছিল।”

অভনেতা ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিরঞ্জিৎ বলেন, “সাংঘাতিক একটা ঘটনা! সত্যি বলতে কী, এমনটা না হলেই ভাল হতো। খুব খারাপ লাগছে। যখন প্রথম খবরটা পাই, তখন আমি বাড়িতেই ছিলাম। ২০০৯ সাল থেকে উড়ালপুল নির্মাণের কাজ শুরু হয়েছিল। এখন ২০১৬। এতদিনের নির্মাণকালে কোথায় কী হয়ে রয়েছে, কোনো খামতি রয়ে গিয়েছে কি না— সেটা এভাবে বলাটা খুবই মুশকিল। তবে সাম্প্রতিক সময়ের ভূমিকম্পের প্রভাবও উড়ালপুলটার উপর পড়ে থাকতে পারে। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, সেহেতু এমন ধারণা করছি। উড়ালপুলটার নির্মাণকাজও অর্ধসমাপ্ত ছিল। এই সব ক্ষেত্রে ভূমিকম্পের প্রভাবটা সাধারণত বেশিই পড়ে।”

তিনি যাদবপুর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “অসম্ভব মর্মান্তিক একটা ঘটনা। কেন এটা হলো, খতিয়ে দেখা দরকার। তবে তার চেয়েও বড় ব্যাপার হলো এমন অনেকে মারা গেলেন, যারা হয়তো পরিবারের রুটিরুজি জোগাতেন। নাগরিক হিসেবে একটাই কথা বলতে পারি, বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তাটুকু যেন পাওয়া যায়— সেটা ভাবার সময় বোধহয় এবার এসেছে। আমাদের যেন এ রকম অনিশ্চিত জীবনযাপন না করতে হয়। কোনো দিন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেটাই চাইবো। আর এই দুর্ঘটনায় যদি কোনো রকম সাহায্য দরকার হয়, পাশে আছি।”

সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য বলেন, “যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে, সেটা এতই জনবহুল এলাকা যে বাড়তি সতর্কতা নেওয়াটা প্রয়োজন ছিল। কিন্তু যা হয়েছে, দেখে তো মনে হচ্ছে সেটা নেওয়া হয়নি! কাজটাও বহু বছর ধরে চলছিল। সাংঘাতিক গাফিলতি তো হয়েছেই! সেই দায়টা কার, খুঁজে বার করা জরুরি হয়ে পড়েছে এবার। একটা করে দুর্ঘটনা ঘটবে আর আমরা হা-হুতাশ করব— এটা আর কতদিন ধরে চলবে? কোনো সভ্য দেশে তো এই জিনিস হয় না! আমাদের আসলে সব কিছুই ভীষণ গা-সওয়া হয়ে যাচ্ছে।”

পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় বলেন, “কাকে দায়ী করব? আর দায়ী করেই বা হবেটা কী? সকলেই বেকসুর ছাড়া পেয়ে যাবে, জানা কথা! লোক দেখানো তদন্ত হবে। আমরা ঠুঁটো জগন্নাথ হয়েই বসে থাকব। রক্তদান শিবির হচ্ছে, তা-ও রাজনৈতিক ব্যানার টাঙিয়ে! এদের লজ্জাও হয় না!”

পরিচালক মৈনাক ভৌমিক বলেন, “কোনো একজনের কারণে নিশ্চয়ই ঘটনাটা ঘটেনি। নির্মাণকাজে গাফিলতি অবশ্যই ছিল। লোকবসতিপূর্ণ এলাকায় কাজ চালাতে গেলে অনেক বেশি সতর্ক থাকা দরকার। এরপর তো উড়ালপুলে উঠতেই ভয় লাগবে! আমাদের দেশেই এগুলো ঘটে। বিশ্বের কোনো উন্নত দেশে উড়ালপুল ভেঙে প়ড়ে বলে তো শুনিনি।”

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেন, “হাত-পা কাঁপছে ঘটনাটা দেখে। চার মাসের মেয়েকে বাড়িতে রেখে আমার পক্ষে বেরিয়ে কিছু করা সম্ভব নয়। তাই সোশ্যাল মিডিয়ায় হেল্পলাইন নম্বরগুলো শেয়ার করছি, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে সেটা পৌঁছে যায়। আলাদা করে কোনো দল, ব্যক্তি বা মন্ত্রীকে দায়ী করতে চাই না। তবে এই মুহূর্তে আমার মনে হয়, ‘মহানায়ক-মহানায়িকা’ সম্মানের চেয়ে অনেক বেশি জরুরি একটা ক্রেন! আসলে আমাদের দেশে সবটাই ভোট মাথায় রেখে করা হয়। সব কিছু নিয়ন্ত্রণ করে ভোট। কিন্তু এতগুলো মানুষের জীবন এভাবে চলে যাওয়া— ইজ অ্যান অ্যাবিউজ অফ ডেমোক্র্যাসি! চোখে জল আসছে ভাবলে...।”

অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত বলেন, “কলকাতায় যত কটা উড়ালপুল হচ্ছে বা হয়েছে, তার সব কটা নিয়েই আমার প্রশ্ন রয়েছে। আমাদের তো জোরালো একটা পরিকাঠামোই নেই! তাছাড়া এতদিন ধরে যে ফ্লাইওভার তৈরি হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই নিরাপদ নয়। ও রকম একটা ঘিঞ্জি জায়গা। সেখানে যারা থাকেন বা যাতায়াত করেন, তাদের বেশির ভাগই দিন-আনি-দিন-খাই গোছের মানুষ। তাদের জীবনকে এভাবে বিপদে ফেলাটা কীভাবে জাস্টিফাই করা হবে, আমি জানি না। শুধু জানি, দোষটা আমাদের। আমরাই এই রাজনীতিকদের মাথার উপর চড়ে নাচতে দিই। উই আর দ্য ট্যাক্সপেয়ার্স। ওই ট্যাক্সমানি থেকেই এইসব যা কিছু উন্নয়নমূলক কাজ হয়। অথচ আমরা কোনো প্রশ্ন করি না এদের। ঝামেলা করি না এদের ভুল হলে। রাস্তাঘাটে ধরে মারা উচিত। কিন্তু মারি না!”