৫০ কোটি পেরুলো 'কাপুর অ্যান্ড সন্স'
সূচনাটা মাঝারি মানের হলেও দর্শকদের মনে ধীরে ধীরে জায়গা করে নিতে সমর্থ হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট ও ফাওয়াদ খান অভিনীত ফ্যামিলি ড্রামা 'কাপুর অ্যান্ড সন্স'। ইতোমধ্যে সিনেমাটি বক্স-অফিসে ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছে।
'এয়ারলিফট' এবং 'নিরজা'র পর ২০১৬ সালে বলিউডের তৃতীয় সিনেমা হিসেবে ৫০ কোটি রুপি আয়ের সাফল্য অর্জন করেছে 'কাপুর অ্যান্ড সন্স'। মুক্তির অষ্টম দিনে এসে সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৫১ কোটি ৩৩ লাখ রুপি।
বাবা, মা, দুই ভাই আর বৃদ্ধ দাদাকে নিয়ে একটি পরিবার। দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ৫ বছর পর একসঙ্গে বাড়ি ফেরে দুই ভাই। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে পারিবারিক নানা দ্বন্দ্ব ও টানাপড়েনের গল্প।
সিনেমাটির জয়যাত্রায় মুগ্ধ বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করেন, "কাপুরঅ্যান্ডসন্স দ্বিতীয় সপ্তাহ, শুক্রবার ৪.৪০ কোটি, সর্বমোট ৫১.৩৩ কোটি। দুর্বার সাফল্য"।
ভারতে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। এর মাঝেও সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানছে ভালোই। দেড় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের কাছেও সমাদৃত হয়েছে। শকুন বাত্রা পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ঋষি কাপুর, রজত কাপুর ও রত্না পাঠক শাহ।
বক্স অফিসে ‘কাপুর অ্যান্ড সন্স’-এর দুর্বার গতি
