২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার 'ইন্ডিয়ানা জোনস', থাকছেন ফোর্ড

বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছিল হ্যারিসন ফোর্ড আবারও ফিরছেন ইন্ডিয়ানা জোনস চরিত্রে। খবরটি সত্যি হলো অবশেষে। বহুল প্রতীক্ষিত 'ইন্ডিয়ানা জোনস' সিরিজের পঞ্চম সিনেমা আসছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 03:21 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

২০১৩ সালের শেষ দিকেই 'ইন্ডিয়ানা জোনস' সিরিজের নতুন সিনেমার কাজ শুরুর কথা ভাবা হচ্ছিল। এর মধ্যে হ্যারিসন ফোর্ড বিমান দুর্ঘটনার শিকার হওয়ায় পিছিয়ে যায় শুটিং।

শুধু হ্যারিসন ফোর্ড একাই নন পরিচালকের আসনে ফিরছেন স্টিভেন স্পিলবার্গও। পুরো ব্যাপারটি নিয়ে ওয়াল্ট ডিজনি প্রধান অ্যালান হর্ন বললেন, "ইন্ডিয়ানা জোনস সেলুলয়েড ইতিহাসের অন্যতম সেরা এক নায়ক এবং তাকে পর্দায় আবার ফিরিয়ে আনতে আমাদের বিন্দুমাত্র তর সইছে না"।

স্পিলবার্গ-ফোর্ড জুটির জাদুতে ইন্ডিয়ানা জোনসের নতুন অভিযানটি আবারও দুর্দান্ত হয়ে উঠবে বলেই মনে করছেন তিনি।

'ইন্ডিয়ানা জোনস' এর সর্বশেষ সিনেমা 'ইন্ডিয়ানা জোন্স: দ্য কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল' মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ৭৩ বছর বয়সী ফোর্ডের সাথে স্পিলবার্গ প্রথম এই ফ্র্যাঞ্চাইজিটিতে জুটি বেঁধেছিলেন ১৯৮১ সালে। সেবার বেরিয়েছিল 'ইন্ডিয়ানা জোনস' সিরিজের প্রথম সিনেমা 'রেইডার্স অফ দ্য লস্ট আর্ক'। এরপর ১৯৮৪ এবং ১৯৮৯ সালে মুক্তি পায় সিরিজের পরবর্তী দুটি সিনেমা। চারটি সিনেমা দিয়ে এখন পর্যন্ত  দু হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করে নিয়েছে 'ইন্ডিয়ানা জোনস'।