অন্তর্জালে এক টুকরো ‘আইসক্রিম’
‘চোরাবালি’ খ্যাত র্নিমাতা রেদওয়ান রনির দ্বিতীয় সিনেমা ‘আইসক্রিম’। দর্শকদের এর স্বাদ দেয়ার দিনক্ষণ এরই মধ্যে নির্ধারণ করেছেন র্নিমাতা। ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘আইসক্রিম’। সিনেমার প্রচারের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হলো ‘আইসক্রিম’এর টিজার ট্রেইলার।
এক মিনিট ৪৪ সেকেন্ডের টিজারটি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। টিজার দেখেই সিনেমার ভবিষৎ নির্ধারণে ব্যাতিব্যস্ত হয়ে উঠেছেন সাধারণ র্দশক, ফেইসবুক বোদ্ধা ও চলচ্চিত্র সমালোচকরা।
টিজার প্রকাশের পর গ্লিটজে রেদওয়ান রনি বলেন,“ সকলে টিজারটি দেখছে, মন্তব্য করছে। এগুলো পড়ে খুব ভালো লাগছে। খুবই চিন্তায় ছিলাম কিন্তু এখন চিন্তামুক্ত হয়েছি। এখন বেশ ভালো লাগছে।আশা করি ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহেও দর্শকের আশা মেটাতে পারবো।”
এ সময়ের তরুণদের নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক সিনেমা ‘আইসক্রিম’। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। সিনেমায় অভিনয় করছেন তিন নতুন মুখ উদয়, রাজ ও টুশি। সিনেমায় এই তিন নবাগত ছাড়াও অভিনয় করছেন ওমর সানি, দিতি, এটিএম শামসুজ্জামানসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন পি-পং এন্টারটেইনমেন্ট, পপকন ফিল্মস ও টপ অব মাইন্ড।
