দিপিকাকে চেনে না পশ্চিমা গণমাধ্যম!
ভারতীয় চলচ্চিত্রের প্রথম সারির নায়িকা দিপিকা পাড়ুকোন। বলিউড জয় করে এবার আন্তর্জাতিক তারকা হওয়ার পথে পা বাড়িয়েছেন। ভিন ডিজেলের বিপরীতে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’-এ দেখা যাবে তাকে। কিন্তু মনে হচ্ছে এখনো যথেষ্ট পরিচিতি অর্জন করতে পারেননি তিনি।
সম্প্রতি লস এঞ্জেলসে টেনিস তারকা নোভাক জকোভিচের সাথে তাকে দেখে চিনতে ব্যর্থ হয়েছে গণমাধ্যম। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল দিপিকাকে উল্লেখ করেছে নোভাক জকোভিচের সঙ্গী হিসেবে। দিপিকার পোশাকেরও প্রশংসা করলেও তার নাম কিংবা পরিচয় কোথাও উল্লেখ করা হয়নি।
গত বছর তিনটি হিন্দি সিনেমায় অন্যবদ্য অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন দিপিকা।‘পিকু’, ‘তামাশা’ এবং ‘বাজিরাও মাস্তানি’ তার জনপ্রিয়তাকে কয়েক ধাপ এগিয়ে নিয়েছে। কিন্তু এখনো জকোভিচের নামহীন সঙ্গী হিসেবে তার পরিচয় দেয়াটা হতাশাজনকই বটে।
নোভাক জকোভিচের সঙ্গে দিপিকার পরিচয়ের ব্যাপারটিও বেশ মজার। অনেকেই হয়তো জানেন যে দিপিকা ব্যাডমিন্টনে ভারতের জাতীয় পর্যায়ের সাবেক চ্যাম্পিয়ন। দিল্লিতে ২০১৪ সালের আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগের আসরে জকোভিচের বিপরীতে টেনিস প্রতিভাও দেখান তিনি। সেখান থেকেই পরিচয় এই দুই তারকার।
এখন দেখার বিষয় প্রথম হলিউড সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’ দিয়ে আন্তর্জাতিক মহলে কতোটা সাড়া ফেলতে পারেন তিনি।
