২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিঙ্গ বৈষম্যকে অর্জুন-কারিনার না

সমাজ নারী এবং পুরুষের দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে। আর এই দায়িত্বে একটু অদল-বদল হলেই সইতে হয় চোখ রাঙানি। এবার এ বিষয়টিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে ‘কি অ্যান্ড কা’ সিনেমার দুই তারকা অর্জুন কাপুর ও কারিনা কাপুর খান নিয়ে এলেন একটি ভিডিও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 10:29 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

নারী দিবসকে সামনে রেখে প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় কারিনা আর অর্জুনকে কথা বলতে - 

পুরুষ: আমি একজন গৃহস্বামী

সমাজ: ছি ছি! বউয়ের কামাই খায়।

নারী: আমি একজন গৃহবধূ

সমাজ: বাহ কতো সুন্দর! সংসারী মেয়ে!

পুরুষ: আমার আজকে জলদি বাড়ি ফিরতে হবে, আমার ছেলের অসুখ।

সমাজ: কি ভালো দায়িত্বশীল বাবা।

নারী: আমার আজকে দ্রুত অফিসের কাজ শেষ করতে হবে, আমার ছেলে অসুস্থ।

সমাজ: এই জন্যেই মেয়েদের চাকরিতে নেয়া উচিত নয়, তাদের ঝামেলার শেষ নেই।

নারী: আমি আমার স্বামীর জন্য সকালের নাস্তা তৈরি করি।

সমাজ: তা তো করবেই, তুমি না করলে কে করবে? এটা তো তোমার দায়িত্ব।

পুরুষ: আমি আমার স্ত্রীর জন্য সকালের নাস্তা তৈরি করছি।

সমাজ: স্বামীকে কীভাবে কব্জা করে রেখেছে মেয়েটা!

পুরুষ: আমি আমার ক্যারিয়ারের দিকে নজর দিতে চাই।

সমাজ: দেখলে কতো পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী ছেলেটা।

নারী: আমি আমার ক্যারিয়ার গড়তে চাই।

সমাজ: নিজের পরিবারের প্রতি কোনো ভালোবাসা নেই মেয়েটির, শুধু নিজেকে নিয়েই আছে।

ভিডিওটি শেষ হয়, এই বার্তা দিয়ে - "আপনার লিঙ্গ আপনি কি করবেন তা নির্ধারণ করবেন না, আপনি নিজে তা করবেন।" অনুপ্রেরণামূলক এই ভিডিওর মাধ্যমে কারিনা এবং অর্জুন বোঝাতে চেয়েছেন, সমাজে লিঙ্গ বৈষম্য কতোটা প্রকট। আর বাল্কি পরিচালিত তাদের নতুন সিনেমা 'কি অ্যান্ড কা' সমাজে নারী আর পুরুষের প্রচলিত অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। সিনেমায় অর্জুনকে দেখা যাবে একজন গৃহস্বামীর চরিত্রে। অপরদিকে কারিনা অভিনয় করছেন উচ্চাকাঙ্ক্ষী এক চাকরিজীবী নারীর ভূমিকায়। সিনেমাটি মুক্তি পাবে ১ এপ্রিল।