‘মোদির চেয়েও ভারতকে এগিয়ে নিতে পারেন সানি'
শিরোনাম পড়ে হয়তো ধাক্কা খেয়েছেন আপনি। কিন্তু ভারতীয় নির্মাতা রাম গোপাল ভার্মা এমন প্রশ্নই তুলেছেন। নানা সময়ে আলোচনার জন্ম দেয়া এই পরিচালকের নতুন আগ্রহের বিষয় সানি লিওনি।
সাম্প্রতিক সময়ে নিজের সিনেমার চেয়ে টুইটের জন্যই বেশি চর্চিত হচ্ছে 'রঙ্গিলা' নির্মাতা। এবার খবরে এসেছেন সানি লিওনিকে নিয়ে একাধিক টুইট করে।
২ মার্চ হঠাৎ করে সানিকে নিয়ে একের পর এক টুইট করা শুরু করেন রামু। তার একটি টুইট ছিল, "নরেন্দ্র মোদির উচিত ভারতীয়দের চিন্তাভাবনাকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে সানি লিওনির সঙ্গে বসে আলাপ করা। ভারতীয়দের ভেতরের ধাপ্পাবাজি এবং অসৎ চিন্তাভাবনাকে দূর করার জন্য সানির সঙ্গে কথা বলা উচিত তার।"
তিনি আরও লেখেন, "সত্যি করে বলুন তো, কে ভারতীয়দের বেশি সুখ দিয়েছে? সরকার নাকি সানি লিওনি?"
"কে বেশি সৎ? সংসদ অধিবেশনে বসে পর্ন ছবি দেখা সেই মন্ত্রী নাকি সানি লিওনি?"
"আমার মনে হয় সানি লিওনির মধ্যে এক ধরনের অখণ্ড সততা আছে, যে কারণে মানুষ তার সঙ্গে সহজেই যোগসূত্র স্থাপন করতে পারে। ঠিক এভাবেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হয়েছে।"
তবে তার সবশেষ টুইটটি ছিল সবচেয়ে বেশি বিস্ফোরক। তিনি লেখেন, " ঠিক কিংবা ভুল বিচারে যাবো না, কিন্তু ‘সমতা'র মর্যাদা দেখুন, আমির খানও সানিকে সমর্থন দিচ্ছেন। আমার বিশ্বাস নরেন্দ্র মোদির চেয়েও ভারতকে বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন সানি।"
