অস্কার ২০১৬: আগ্রহের শীর্ষে প্রিয়াঙ্কা
এবছর অস্কার পেয়ে ইন্টারনেট ভেঙে ফেলছেন অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। কিন্তু আপনি কি জানেন, তালিকায় লিওর পরেই রয়েছে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার নাম?
এই খবর জানিয়েছে খোদ সার্চ জায়ান্ট গুগল। প্রথম মনোনয়ন পাওয়ার ২৩ বছর পর অস্কার জিতে এই বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর নিজের করে নিয়েছেন লিও। গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তাকে, টুইটারেও গড়েছেন রেকর্ড। কিন্তু শুধুমাত্র উপস্থিত হয়েই বিশ্ববাসীর নজর কেড়েছেন যিনি, তিনি হলেন ভারতের প্রিয়াঙ্কা।
অদ্ভুত হলেও সত্যি, পুরো বিশ্বের আগ্রহের কেন্দ্রে রয়েছেন প্রিয়াঙ্কা। সবেমাত্র শুরু হয়েছে তার প্রথম হলিউডি সিনেমার শুটিং, অস্কারে কোনো মনোনয়নও পাননি তিনি, গিয়েছিলেন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিতে। উপস্থিতিতেই বোমা ফাটিয়েছেন সাবেক এই বিশ্ব সুন্দরী।
গুগল তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্কার নিয়ে সবচেয়ে বেশি অনুসন্ধান চালানো হয়েছে যে ১০টি দেশ থেকে, এর মধ্যে ভারত ছিল অন্যতম। তবে ভারত থেকে অস্কারের খোঁজ করেছে মাত্র ২ শতাংশ মানুষ, যেখানে ৫০ শতাংশেরও বেশি অনুসন্ধানকারী পাওয়া গেছে শুধু মার্কিন মুল্লুকে।
এছাড়া বাকি অনুসন্ধানকারীদের মধ্যে ৩০ শতাংশ ছিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং স্পেন থেকে।
বিবৃতিতে গুগল জানায়, "২০১৫ সালের সঙ্গে তুলনা করলে দেখা যায়, অস্কার নিয়ে এবার মানুষের খোঁজ করার প্রবণতা বেড়েছে পুরো ৭০ শতাংশ। গত বছরের ডিসেম্বরের তুলনায় এবছরের জানুয়ারিতে এই খোঁজের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে।"
২৮ ফেব্রুয়ারি প্রথম ভারতীয় শিল্পী হিসেবে অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। লাল গালিচায় তার পরনের শুভ্র সান্ধ্যপোশাকটি তাকে এবারের অস্কারে সেরা পোশাকধারীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র ব্যাপক সাফল্যের পর এবার ‘বেওয়াচ’ মুভিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ২০১৭ সালের গ্রীষ্মে মুক্তি পাবে তার ক্যারিয়ারের প্রথম হলিউড মুভিটি।
