২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেল থেকে সোজা রূপালী পর্দায়

তিন বছর কারাভোগ শেষে মুক্তির আলো দেখলেন সঞ্জয় দত্ত। পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে বেরিয়েই তিনি প্রবেশ করলেন চিরচেনা রূপালী জগতে। কারণ তার মুক্তির মুহূর্তটি রূপালী ফিতেয় ধারণ করেছেন নির্মাতা রাজকুমার হিরানি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 02:27 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

সঞ্জয়ের ‘মুন্না ভাই’ সিরিজের নির্মাতা রাজকুমার হিরানি বহু আগেই ঘোষণা দিয়েছেন সঞ্জয় দত্তের জীবনীনির্ভর একটি চলচ্চিত্র নির্মাণের। আর সে জন্যই সঞ্জয়ের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কারাগারের বাইরে ক্যামেরা হাতে অপেক্ষায় ছিলেন তিনি।

৫৬ বছর বয়সী ‘খলনায়ক' অভিনেতার কারাগারের বাইরে পা রাখার দৃশ্যটিই তার জীবনীভিত্তিক চলচ্চিত্রের জন্য ধারণকৃত প্রথম দৃশ্য। এই সিনেমায় তরুণ সঞ্জয় রূপে দেখা যাবে রানবির কাপুরকে।

সঞ্জয় চেয়েছিলেন কারামুক্তির পরপরই কাজ শুরু করতে। সে কথা মাথায় রেখেই হিরানি তারা কারামুক্তির মুহূর্তটি সেলুলয়েডে ধারণের সিদ্ধান্ত নেন। একটি ভিডিও বার্তায় হিরানি বলেন, “আমরা অনেক খুশি যে সঞ্জু (সঞ্জয় দত্ত) ফিরে আসছেন। তিনি কারাভোগ করেছেন এবং ফিরে এসে তার দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। ভারতীয়রা দ্বিতীয় ইনিংসে ভালো করতে সিদ্ধহস্ত। আমি নিশ্চিত তিনি দুর্দান্তভাবে ফিরে আসবেন। আমি অপেক্ষা করছি যে সে ফিরে এসে তার জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করবেন এবং খুব শিগগিরই তার সঙ্গে ‘মুন্না ভাই ৩’ শুরু করবো।