২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাড পিটের নায়িকা দিপিকা?

বলিউডের বক্স-অফিসের রানী দিপিকা পাড়ুকোনের হলিউড যাত্রার শুরুটা হয়েছে ভিন ডিজেলের মতো তারকার হাত ধরে। এবার শোনা যাচ্ছে, তাকে দেখা যাবে ব্র্যাড পিটের বিপরীতে!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 04:41 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

দিপিকা বর্তমানে কাজ করছেন অ্যাকশন মুভি সিরিজ ‘ট্রিপল এক্স'-এর তৃতীয় কিস্তি ' ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’-এ, যেখানে তাকে দেখা যাবে ভিন ডিজেলের প্রেমিকার চরিত্রে। চলতি বছর কোনো হিন্দি সিনেমায় এখনও চুক্তিবদ্ধ হননি এই অভিনেত্রী। তবে ‘ট্রিপল এক্স’-এর বদৌলতে সবগুলো গণমাধ্যমের নজর এখনও তার দিকেই রয়েছে।

পিঙ্কভিলা ডটকম বলছে, হলিউডে দিপিকার পরবর্তী নায়ক হবেন ব্র্যাড পিট। ইতোমধ্যেই নাকি ‘ফিউরি’ খ্যাত এই অভিনেতার সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দিপিকা।

এই খবরটি কতোটুকু সত্যি তা জানতে এখনও অপেক্ষা করতে হবে দিপিকা ভক্তদের। তবে কথায় আছে না, যা রটে তা কিছুটা হলেও ঘটে!