বিশ্বব্যাপী শিল্পীদের কণ্ঠে 'আমার ভায়ের রক্তে রাঙানো'
বাংলাদেশের ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে নতুন প্রজন্মের আগ্রহ কম -এমন অভিযোগ শোনা যায় প্রায়ই। এবার এই অভিযোগ ভুল প্রমাণ করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অভিনব কায়দায় ভাষা শহীদদের স্মরণ করেছেন ঢাকার যুবক নাবিদ সালেহিন নিলয়। ২২ বছর বয়সী নাবিদের সঙ্গীতায়োজনে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি রেকর্ড করা হয়েছে ১২টি ভিন্ন ভিন্ন ভাষায়।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র নাবিদ পড়ছেন কম্পিউটার বিজ্ঞানে কিন্তু আগ্রহটা সংগীতেই বেশি। ২০০৮ সাল থেকে সংগীত চর্চার সঙ্গে একান্তভাবে জড়িত এই যুবকের রয়েছে নিজস্ব ব্যান্ড, যার নাম ভেনমাস।
নাবিদ গ্লিটজকে বলেন, "আমি এর আগেও আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে কাজ করেছি। অনেকদিন ধরেই দেশাত্মবোধক কোনো গান নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। গত বছরের অক্টোবরের দিকে হঠাৎ মনে হল, সামনেই আসছে ২১শে ফেব্রুয়ারি, যা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এই সুযোগে এমন ভিন্ন ধারার কিছু করা যেতে পারে।"
নাবিদ বলেন, "১২ জন শিল্পীকে বলা হয়েছিল তাদের নিজ নিজ ভাষায় গানটির সুর ঠিক রেখে গাইতে, কিন্তু অনেক সময় দেখা গেছে ভাষাগত পার্থক্যের কারণে কোনো কোনো লাইন অনেক দীর্ঘ হয়ে গেছে, আবার কোনটা হয়ে গেছে বেশি ছোট। এরপরও তারা মূল সুরটি অক্ষুন্ন রাখার চেষ্টা করেছেন।"
তিনি আরও বলেন, "অনেক ভিন্ন ভাষার শিল্পী আছেন, যারা ইংরেজিতে কথা বলতে জানেন না, যেমন ফরাসি এবং চীনা শিল্পীরা, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার নিজের বক্তব্য তাদের ভাষায় অনুবাদ করে লিখতে হয়েছে।"
৪ মিনিট ২৭ সেকেন্ডের মিউজিক ভিডিওতে বাংলা ছাড়াও শোনা গেছে মালয়, আরবী, জার্মান, নেপালি, হিন্দি, ফরাসি, স্প্যানিশ, রুশ, ইংরেজি, চীনা এবং ইতালীয় ভাষা।
ফেইসবুক ছাড়াও গানটি ইউটিউবে প্রকাশ করেছেন নাবিদ, যা ইতোমধ্যেই দেখা হয়েছে ১৩ হাজার ৮৭৩ বার এবং এতে লাইক পড়েছে ৮৩৭ টি।
