‘নিরজা'র আন্তর্জাতিক সাফল্য
মাত্র ২৩ বছরের একজন বিমান কর্মকর্তা হয়ে উঠেছিলেন পুরো একটি বিমানের যাত্রীদের রক্ষাকর্তা। ১৯৮৬ সালে প্যান অ্যাম ফ্লাইট সেভেন্টি থ্রির সেই সাহসী নিরজা ভানোতকে নিয়ে বলিউডে নির্মিত হয়েছে 'নিরজা'। এবার অনন্য এক রেকর্ড গড়ে ইতিহাসের অংশ হয়ে গেছে সিনেমাটি। নিরজার সাহসকে ফুটিয়ে তোলা গান 'আখে মিলায়েঙ্গে ডার সে' ঢুকে গেছে বিশ্বের সেরা সৃষ্টিশীল মিউজিক ভিডিওর তালিকায়।
তালিকার ষষ্ঠ নম্বরে ঠাঁই করে নেয়া গানটি একমাত্র এশীয় গান যেটি বিশ্বের সেরা মিউজিক ভিডিওর স্বীকৃতি অর্জন করতে পেরেছে।
প্যান অ্যাম সেভেনটি থ্রি ফ্লাইটটি ছিনতাই হওয়ার পর যাত্রীদের বাঁচাতে সন্ত্রাসীদের সামনে ঢাল হয়ে দাড়িয়েছিলেন নিরজা। মৃত্যুভয় জয় করে প্রাণ বাঁচিয়েছিলেন শত শত যাত্রীর।
প্রসূন যোশির লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত তারকা কে মোহান এবং নেহা ভাসিন। এমন একটি বিশাল সাফল্যের উচ্ছাস টুইটারে প্রকাশ করেন নিরজা চরিত্রে অভিনয় করা সোনাম, "বাহ! বাহ! #নিরজা #মিউজিক ভিডিও সেরা সৃষ্টিশীল মিউজিক ভিডিওর মধ্যে ষষ্ঠ স্থানে।"
বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ফেব্রুয়ারির ১৯ তারিখে। সিনেমাটি পরিচালনা করেছেন রাম মাধভানি।
