২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা আর প্রেমিকার মধ্যে মাকেই বেছে নিলেন ব্র্যাডলি

সব কিছু ভালোই চলছিল। কিন্তু বড়দিনের সময়ে হঠাৎ বাক-বিতণ্ডার জের ধরে শেষ হলো ব্র্যাডলি কুপার আর ইরিনা শায়েকের নয় মাসের প্রেমের সম্পর্ক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 07:26 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার কিছুদিন পরই গত বছর এপ্রিলে ব্র্যাডলি কুপারের সঙ্গে সম্পর্কে জড়ান ৩০ বছর বয়সী সুপার মডেল ইরিনা শায়েখ।

শোনা যাচ্ছে ব্র্যাডলি-ইরিনার সম্পর্কে বাধ সাধেন ব্র্যাডলির মা গ্লোরিয়া। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর বলছে, গত বছরটা এই তারকা জুটির বেশ ভালো কাটলেও বড় দিনের উৎসবে ব্র্যাডলির মা গ্লোরিয়ার সঙ্গে বেশ কয়েকবার ঝগড়া হয় ইরিনার।

এত ভালো একটি সম্পর্কের ইতি টানায় কিছুটা বিমর্ষই হয়ে পড়েছেন ৪১ বছর বয়সী ব্র্যাডলি। বড়দিনের ছুটিতে লস এঞ্জেলসে একসঙ্গে থাকলেও মূলত গ্লোরিয়া-ইরিনার বোঝাপড়া না হবার কারণেই শেষ হয়ে যায় তাদের সম্পর্ক।

গত বছরই শোনা গিয়েছিল, সম্পর্ককে আরো এগিয়ে নিতে একই ছাদের নিচে বসবাসের কথা চিন্তা করছেন এই জুটি।

মা না প্রেমিকা- এমন এক জটিল পরিস্থিতিতে শেষমেষ মায়ের পক্ষই নিয়েছেন হলিউডের অন্যতম জনপ্রিয় এই তারকা। নয় মাসের সম্পর্কে যথেষ্টই ঘনিষ্ট হয়ে পড়েছিলেন ইরিনার সঙ্গে। তবে মায়ের সঙ্গে ব্র্যাডলির সম্পর্ক অনেক বেশি গভীর। সে জন্যই সম্পর্কের সমাপ্তি টানার মত কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ব্র্যাডলি, এমনটাই জানিয়েছে ভেতরের একটি সূত্র।