যে শর্তে অজয়ের ঘরনী হয়েছিলেন কাজল
জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময় ১৯৯৯ সালে কাজল বিয়ে করেছিলেন অজয় দেবগনকে। বলিউডের তারকা দম্পতিদের মধ্যে অন্যতম সুখী দম্পতি বলা হয় তাদের। এতদিন পর জানা গেল কাজলকে বিয়ে করতে একটি শর্ত মানতে হয়েছিলো অজয়কে।
জয়পুরের সাহিত্য উৎসবে অংশ নিতে গিয়েছিলেন কাজল। মঞ্চে নিজের সাহিত্যের প্রতি অনুরাগের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলে ফেললেন, অজয়কে বিয়ে করার আগে তাকে একটি শর্ত দিয়েছিলেন তিনি। আর তা হলো, বাড়িতে একটি পাঠাগার তৈরি করতে হবে। পড়ুয়া হওয়ায় বাড়িতে লাইব্রেরি থাকাটা তার জন্য আবশ্যক ছিল বলেই জানান এই অভিনেত্রী। আর সেই শর্ত মেনে পাঠাগার তৈরি করে দেন অজয়, যেটা ছিল কাজলের মধুচন্দ্রিমার উপহার।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের ভাষ্য অনুযায়ী ওখানে কাজল আরো বলেন, তার বাড়িতে বই পড়ার পরিবেশ ছিল সব সময়। আর সে কারণেই এতটা বইপাগল তিনি। জানালেন, মা তনুজা এখন এতটাই বই পড়েন যে, খাওয়ার সময়ও তার হাতে একটা বই থাকে।
