২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘থ্রিজি' গানে নুসরাত-রিয়ার টক্কর

ভালোবাসা দিবসে আসছে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা 'হিরো ৪২০'। প্রথমবারের মতো ত্রিভূজ প্রেমের সিনেমা, তার ওপর নায়িকার সংখ্যা দুই। দুই নায়িকাকে দুপাশে নিয়ে 'থ্রিজি ভিডিও সং'-এ  রসায়নের বিস্ফোরণ ঘটাতে দেখা গেল টালিগঞ্জের নায়ক ওমকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 07:27 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

এর আগেই অবশ্য মুক্তি পেয়েছে সিনেমার আরেকটি গান 'ওরে পিয়া'। তবে সে গানে সিনেমার আরেক নায়িকা মুনমুন সেন তনয়া রিয়ার উপস্থিতি চোখে পড়েনি। ওম আর নুসরাত ফারিয়াকেই প্রেম করতে দেখা গেছে সে গানে। তবে নতুন গানটিতে রিয়া আর নুসরাত যেন মেতেছেন আবেদনময়তার টক্করে।

কে বেশি আবেদনময়ী - নুসরাত ফারিয়া নাকি রিয়া সেন। 'থ্রিজি ভিডিও সং' গানটি দেখে দর্শক এমন দ্বন্দ্বে পড়বেনই। তবে সত্যি কথা বলতে, রিয়ার তুলনায় একেবারেই নবীন নুসরাত কিন্তু কোনো অংশে কম যাননি।

২১ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত হবার পর গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৩৫ হাজার বার। তবে 'ওরে পিয়া'র মতো দর্শকের ইতিবাচক মন্তব্য তেমন একটা পায়নি গানটি। অনেকেই মন্তব্যের ঘরে গানটিকে তামিল-তেলেগু সিনেমার গানের নকল হিসেবে আখ্যা দিয়েছেন। সমালোচনা এসেছে নুসরাত ফারিয়ার উপস্থিতির ধরন নিয়েও।

নুসরাত ফারিয়া-ওম-রিয়া সেন অভিনীত এই সিনেমাটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির।