২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ইগলস গিটারিস্ট গ্লেন ফ্রেই

পশ্চিমা সঙ্গীতের ভক্ত আপনি হন বা না হন, 'হোটেল ক্যালিফোর্নিয়া’ গানটি অবশ্যই শুনেছেন। এই গানে জাদুকরি গিটার সোলোর মোহনীয় সুরে মাতিয়ে রেখেছিলেন যে গিটারিস্ট, সেই গ্লেন ফ্রেই চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 02:31 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

২০১৬র জানুয়ারি পশ্চিমা বিনোদন জগতের জন্য বিচ্ছেদের মাস হয়ে দাড়িয়েছে। ডেভিড বোয়ি, অ্যালান রিকম্যানের পর পৃথিবীকে বিদায় জানালেন ইগলসের প্রতিষ্ঠাতা এই গিটারিস্ট। ৬৭ বছর বয়সে শারীরিক জটিলতার কাছে হার মানতে হলো তাকে।

বেশ কয়েক সপ্তাহ ধরেই রিউমাটয়েড আর্থরাইটিস, অ্যাকিউট ইউলক্রেটিভ কলাইটিস এবং নিউমোনিয়ার প্রকোপে ভুগছিলেন এই সঙ্গীত তারকা। ইগলস ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে মঙ্গলবার গ্লেনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

ওয়েবসাইটে বলা হয়, "অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ব্যান্ডের প্রতিষ্ঠাতা, গ্লেন ফ্রেইয়ের মৃত্যু সংবাদটি আমাদের দিতে হচ্ছে। বেশ কয়েক সপ্তাহ ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত সে লড়াইয়ে হেরে গেছেন তিনি।"

বিশ্বজুড়ে প্রায় ১৫ কোটি কপি অ্যালবাম বিক্রি করে অভাবনীয় খ্যাতি পেয়েছিল রক ঘরানার এই ব্যান্ডটি। তবে সোলো ক্যারিয়ারেও গ্লেন ছিলেন অনবদ্য। দীর্ঘদিনের বন্ধু সঙ্গীতশিল্পী এবং অভিনেতা স্টিভ মার্টিন জানান, “জীবনের শুরুর সময়ে আমার দীর্ঘদিনের বন্ধু, ইগলসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গ্লেন ফ্রেই আর নেই। আমরা তোমাকে ভালোবাসতাম গ্লেন।"

রক অ্যান্ড রোল এবং জ্যাজ সঙ্গীতের এক দুর্দান্ত সন্নিবেশ ঘটিয়ে রক ধাঁচের গানে ইগলস এনেছিল এক নতুন বিপ্লব। সত্তরের দশকে রক আইকন হয়ে দাঁড়ানো ব্যান্ডটির গিটারিস্ট হিসেবে গ্লেনকে ছাড়া ইগলসকে কল্পনা করা সম্ভব নয়। এটাই স্বীকার করে নিয়েছেন ব্যান্ডটিতে গ্লেনের দীর্ঘদিনের সহযোগী ভোকাল ডন হেনলি এবং জো ওয়ালশ 

কেবল গিটারিস্ট হিসেবে নয়, গীতিকার হিসেবেও তাকে স্মরণ করবে মার্কিন সঙ্গীত অঙ্গন। গ্লেনের অবদানকে স্মরণ করার জন্য নিজের ছোটবেলায় ফিরে গেলেন সঙ্গীত তারকা জাস্টিন টিম্বারলেক, “ছোটবেলায় হাই স্কুলে যাবার পথে আমার মা আমার জন্য ইগলসের গান বাজাতেন রেকর্ডে। আমরা আজ হারিয়েছি পৃথিবী সেরা একজন সঙ্গীত শিল্পীকে”।

‘হোটেল ক্যালিফোর্নিয়া’ ছাড়াও ‘টেইক ইট ইজি’, টাকিলা সানরাইজ’, ‘ডেসপারাডো’- এমন অসংখ্য অনবদ্য গানের স্রষ্টা ছিলেন গ্লেন। আশির দশকে ব্যান্ডটি ভেঙ্গে গেলেও ১৯৯৪ সালে এক পুনর্মিলনীর মাধ্যমে ব্যান্ডটি ফিরে আসে লাইভ কনসার্টে। অসুস্থ হবার আগ পর্যন্ত ব্যান্ডটির সঙ্গে লাইভ ট্যুর করছিলেন গ্লেন।

রক সঙ্গীতে অবদানের জন্য রক অ্যান্ড রোল হল অফ ফেইমে ঠাঁই পেয়েছেন গ্লেন। ছয়টি গ্র্যামিসহ অসংখ্য পুরস্কার আছে গ্লেন এবং ইগলসের ঝুলিতে।

</div>  </p>