২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃত্বিকের জন্মদিনে দাওয়াত পাননি সুজান

৯ জানুয়ারি বেশ ঘটা করেই নিজের ৪২তম জন্মদিন উদযাপন করলেন ভারতীয় অভিনেতা হৃত্বিক রোশান। হৃত্বিকের জন্মদিনের পার্টিতে পরিবারের সদস্য, বন্ধুরা ছাড়াও অংশ নিয়েছিলেন তার বলিউড সহকর্মীরা। কিন্তু সাবেক স্ত্রী সুজান খান জানালেন, দাওয়াত পাননি তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 06:52 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

বিচ্ছেদের পরও একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন সাবেক জুটি হৃত্বিক-সুজান। অনেক সামাজিক ও ধর্মীয় উৎসব সন্তানদের নিয়ে একসঙ্গে উদযাপন করতেও দেখা গেছে তাদের। কিন্তু হৃত্বিকের জন্মদিনে অভ্যাগতদের তালিকা থেকে কাটা পড়েছে সুজানের নাম।

এ ব্যাপারে সুজানের ভাষ্য, "আমাদের সন্তানদের প্রতি সম্মান রেখে আমরা দুজন খুব সুন্দর একটি সম্পর্ক বজায় রেখেছি। বাবা-মা হিসেবে আমরা ভালোভাবে দায়িত্ব পালন করছি, আর সেটাই আমাদের জন্য মূল বিষয়। এর বাইরে আমরা বন্ধুর মতো ঘুরে বেড়াই না কিংবা দেখা-সাক্ষাত করি না।"

সুজান আরও বলেন, "আমি বুঝতে পারছি তিনি কেন আমাকে দাওয়াত দেননি। আমরা একে অপরকে নিজেদের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেইনা। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমরা দুজন জীবনে শান্তি খুঁজে পেয়েছি। আমি সবসময় হৃত্বিকের জন্য শুভ কামনা করি, আমি জানি তিনিও এমনটাই ভাবেন।"

১৪ বছর সংসার করার পর ২০১৩ সালের ডিসেম্বরে বিচ্ছেদ হয় হৃত্বিক-সুজানের। একসঙ্গে তাদের রয়েছে দুই ছেলে।