যে কারণে আটকে আছে বিপাশার বিয়ে
অভিনেতা কারান সিং গ্রোভারের সঙ্গে বিপাশা বসুর প্রেমের বিষয়টি এখন আর অজানা নয়। এমনও শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চান তারা। কিন্তু ইচ্ছা থাকলেও এই মুহূর্তে বিয়ে করতে পারছেন না এই জুটি।
গুঞ্জন উঠেছে, তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছেন কারানের সাবেক স্ত্রী টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট।
২০১২ সালে 'দিল মিল গ্যায়ে' সিরিয়ালের সহ-অভিনেত্রী জেনিফারকে বিয়ে করেন কারান। বিয়ের দু বছরের মাথাতেই আলাদা বসবাস করতে শুরু করেন তারা। কিন্তু বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় এখনও কাগজে-কলমে স্বামী-স্ত্রী তারা।
ডিএনএ বলছে, কারানের কাছে খোরপোশ বাবদ মোটা অঙ্কের অর্থ চেয়ে বসেছেন তার সাবেক স্ত্রী। কিন্তু এতো টাকা দিতে রাজি হননি কারান, আর তাই এখনও ঝুলে আছে তাদের বিচ্ছেদ।
গত বছর ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় টিভি থেকে চলচ্চিত্রে আসা কারান ও বাঙালি সুন্দরী বিপাশাকে। বরাবরই নিজের সম্পর্কের ব্যাপারে খোলামেলা বিপাশা, কারানের সঙ্গে প্রেমের কথা সরাসরি না বললেও কোনো রাখঢাক করছেন না। এর আগে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে ৯ বছর প্রেম করেন বিপাশা। ২০১১ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর কয়েক মাস অভিনেতা হারমান বাওয়েজার সঙ্গে প্রেম করেন তিনি, তবে সেই প্রেমও টেকেনি।
