২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন মঞ্চে ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা

আবারও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে দেশের নাম উজ্জল করলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম দক্ষিণ এশীয় অভিনেত্রী হিসেবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 05:36 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অনবদ্য অভিনয় করে নতুন টিভি সিরিজ বিভাগে প্রিয় অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন প্রিয়াঙ্কা। এমা রবার্টস, জেমি লি কার্টিস, লিয়া মিশেল এবং মারসিয়া গে হারডেনের মত প্রতিষ্ঠিত অভিনেত্রীদের চেয়ে ৩৩ বছর বয়সী এই বলিউড অভিনেত্রীকে এই সম্মাননার জন্য বেশি উপযুক্ত মনে করেছেন মার্কিন দর্শক।

এফবিআই এজেন্ট অ্যালেক্স পেরিশকে ঘিরে চলতে থাকা ষড়যন্ত্র এবং এক জঙ্গি হামলা ঠেকাতে তার চেষ্টার গল্প নিয়ে এগিয়েছে 'কোয়ান্টিকো'র কাহিনি।সিরিজের কেন্দ্রীয় চরিত্র অ্যালেক্স পেরিশের ভূমিকায় দেখা গেছে প্রিয়াঙ্কাকে।

পিপলস চয়েস অ্যাওয়ার্ডসে পুরস্কার কারা পেতে যাচ্ছেন সে সিদ্ধান্ত নেবার ভারটা পুরোপুরি বর্তায় দর্শকদের ওপর। তাদের ভোটে নির্বাচিত তারকারাই এ আসরে সম্মানিত হন।

এই অর্জনকে টুইটারে নিজের ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ভোলেননি প্রিয়াঙ্কা। পুরস্কার হাতে নিজের ছবিসহ তিনি টুইটে লেখেন, "আমি সত্যিই অনেক ভাগ্যবান। ধন্যবাদ তাদের, যারা আমার জন্য পিপলস চয়েস অ্যাওয়ার্ডসে ভোট করেছেন। আমার #পিসিম্যানিয়াকস - আপনাদের ছাড়া আমি কিছুই নই। অনেক ভালোবাসা।"

ওদিকে শুভেচ্চা বার্তায় ভেসে যাচ্ছে প্রিয়াঙ্কার টুইটার অ্যাকাউন্ট। আনুশকা শর্মা, সানি লিওনি, নিমরাত কউর, এশা গুপ্তার মতো তারকারা তাকে অভিনন্দন জানিয়েছেন।

মার্কিন টিভি সিরিজ 'হোমল্যান্ড' এ অভিনয় করা নিমরাত কউর টুইট করেন, "অসাধারণ এবং নিঃসন্দেহে এটা প্রিয়াঙ্কার প্রাপ্য। সত্যিই আমি আমাদের বাঘিনীর জন্য গর্বিত। সামনের অসংখ্য প্রাপ্তির সূচনা এটা।"

অপরদিকে সানি লেখেন, "বাহ! বাহ! শুভেচ্ছা। আজকের রাতটা কাটুক জম্পেশ আমোদে।”

শিগগিরই এক দুধ্বর্ষ পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ৪ মার্চ মুক্তি পাচ্ছে ‘জয় গঙ্গাজল’।