২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজি এখন 'বাজিরাও মাস্তানি'র হাতে

হাড্ডাহাড্ডি লড়াই শেষে শাহরুখ-কাজল জুটিকে হার মানতে দিপিকা-রানভিরের কাছে। ভারতের বক্স-অফিসে সাফল্যের দৌঁড়ে সঞ্জয় লিলা বানসালির 'বাজিরাও মাস্তানি' পেছনে ফেলেছে রোহিত শেঠির 'দিলওয়ালে'কে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 09:41 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষে ভারতে 'বাজিরাও মাস্তানি'র আয় প্রায় ছুঁয়ে ফেলেছে দেড়শ কোটির মাইলফলক। ১৪৯ কোটি আয় নিয়ে 'দিলওয়ালে'কে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি। আর ১২৩ কোটি আয় নিয়ে বড় বাজেটের 'দিলওয়ালে' টিকে থাকার চেষ্টা করছে।

মুক্তির পর প্রথম দুদিনে 'দিলওয়ালে' আয় করে নিয়েছিল ৪০ কোটি রুপিরও বেশি, যেখানে একই দিনে মুক্তি পেয়ে 'বাজিরাও মাস্তানি' আয় করে মাত্র ২৩ কোটি রুপি। তবে দৃশ্যপট পাল্টাতে শুরু করে দ্রুতই। বড়দিনের ছুটির পর থেকেই 'দিলওয়ালে'র তুলনায় বাড়তে থাকে 'বাজিরাও মাস্তানি'র আয়।

মাত্র ৮ কোটি রুপি আয় নিয়ে বড়দিনের ছুটি পার করে শাহরুখ-কাজল জুটির বহুল প্রতীক্ষিত সিনেমাটি। কিন্তু মারাঠি সেনানায়ক বাজিরাও আর রাজপুত রাজকুমারি মাস্তানির অমর প্রেমকাহিনি 'বাজিরাও মাস্তানি' ১২ কোটি রুপি নিয়ে পেরিয়ে যায় 'দিলওয়ালে'র সাফল্যকে।

আর এ বিষয়টি আগেই আঁচ করেছিলেন বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ। ডিসেম্বরের ২৬ তারিখ টুইটে তিনি তার এই ধারণার কথা জানান। মাত্র সাত দিনের ব্যবধানেই সেই সম্ভাবনা হয়ে গেলো সত্য। তার টুইট থেকে পাওয়া গেল 'বাজিরাও মাস্তানি'র সাফল্যের প্রমাণ, "দ্বিতীয় সপ্তাহ, বৃহস্পতিবার ৫.৩৫ কোটি, তৃতীয় সপ্তাহ, শুক্রবার ৭.৫০ কোটি। মোট ১৪৯.৩৫ কোটি। দুর্দান্ত!"

পাঁচ বছর পর পর্দায় শাহরুখ-কাজলকে ফেরানোর সিনেমা 'দিলওয়ালে'। কিন্তু দর্শক-সমালোচকের প্রশংসায় সাফল্যটা নিজের করে নিলো 'বাজিরাও মাস্তানি'।