দিপিকার সঙ্গে 'সুখময় অন্ত' চান রানভির
রানভির সিং ও দিপিকা পাড়ুকোনের সম্পর্ক বাস্তবে কোন দিকে মোড় নেবে - তা দেখার জন্য বহুদিন ধরেই অপেক্ষায় আছেন হিন্দি সিনেমাপ্রেমীরা। তবে রূপালী পর্দায় এই জুটি করুণ পরিণতির দিকেই এগিয়েছেন সব সময়। 'গোলিও কি রাসলিলা: রামলিলা' হোক কিংবা 'বাজিরাও মাস্তানি' - মৃত্যুতেই পরিণতি পেয়েছেন তাদের প্রেম।
তবে ডেকান ক্রনিকলসকে দেয়া এক সাক্ষাতকারে রানভির জানিয়ে দিলেন দিপিকার সঙ্গে 'সুখে শান্তিতে বসবাস' করতে চান তিনি।
"আমি অবশ্যই বেঁচে থাকতে চাই, বাঁচতে চাই এবং একটি সুখময় অন্ত চাই যেখানে দিপিকা এবং আমি সুখে শান্তিতে বসবাস করতে থাকবো। দিপিকার সঙ্গে বেশিরভাগ ছবিতেই আমি মরে যাই।"
ইতোমধ্যে ব্লকবাস্টারের খেতাব পেয়ে যাওয়া 'বাজিরাও মাস্তানি' সিনেমাটি নিজের মাকেও দেখাতে চাননি রানভির। হোক না রূপালি পর্দা, নিজের ছেলেকে মরতে দেখার দৃশ্য কখনোই মেনে নিতে পারেন না রানভিরের মা।
এ ব্যাপারে রানভির বলেন, "আমি চাইনি আমার মা প্রথম সপ্তাহেই সিনেমাটি দেখুক। কিন্তু জেদ করেই তিনি তার বন্ধু এবং পরিবারের কিছু সদস্যের সঙ্গে সিনেমাটি দেখতে যান। এবং শেষে আমাকে মরতে দেখে তিনি স্তব্ধ হয়ে যান। তাকে জড়িয়ে ধরে আদর করে তাকে স্বাভাবিক করতে হয়।"
