২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানা পাটেকর: নায়কের চেয়েও বেশি কিছু

তিনি নায়ক নন। তবে অনেক সিনেমারই কেন্দ্রীয় চরিত্র তিনি। যখন পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন তখনও কেড়ে নেন দর্শকের মনোযোগ। তিনি নানা পাটেকার - বলিউডের এমন এক তারকা যিনি স্বকীয় দীপ্তিতে উজ্জ্বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 05:15 PM

Updated : 25 Jul 2022, 09:17 PM

নানা পাটেকারের জন্ম ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জানজিরাতে এক মারাঠি পরিবারে। তার বাবার নাম দিনকর পাটেকার এবং মা সানজানাবাঈ। জন্মের পর তার নাম রাখা হয় বিশ্বনাথ পাটেকার।

লেখাপড়া করেছেন মুম্বাইতে। স্যার জেজে ইন্সটিটিউট অফ অ্যাপ্লাইড আর্টস থেকে গ্র্যাজুয়েশন করেছেন।

সত্তরের দশকে তিনি মারাঠি ছবিতে অভিনয় শুরু করেন। ‘গমন’, ‘রঘুময়না’, ‘সিংহাসন’, ‘সাবিত্রী’ ইত্যাদি মারাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি।  আশির দশকে  ‘আজ কি আওয়াজ’ , ‘মোহর’, ‘আন্ধা ইয়ুধ’, ‘প্রতিঘাত’, ‘সালাম বোম্বে’ ইত্যাদি হিন্দি ছবিতে অভিনয় করেন। ‘আন্ধা ইয়ুধ’ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পান ফিল্মফেয়ার আসরে।

১৯৮৯ সালে ‘পারিন্দা’ ছবিতে খলচরিত্রে অনবদ্য অভিনয় করে নজর কেড়ে নেন চলচ্চিত্র জগতের। এ ছবিতে অভিনয়ের সুবাদে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার দুটোই জয় করেন তিনি। ১৯৯১ সালে মুক্তি পায় তার পরিচালিত ও অভিনীত ছবি ‘প্রহার’। ‘প্রহার’ ছবিতে কমান্ডো অফিসারের চরিত্রে অভিনয়ের জন্য তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়েছিলেন। এই প্রশিক্ষণে তিনি  এত সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন যে তাকে সম্মানসূচক ক্যাপ্টেনের র‌্যাংক দেওয়া হয়েছিল। ছবিটিতে আরো অভিনয় করেছিলেন মাধুরী দিক্ষিত। নব্বইয়ের শুরুর দিকে তিনি একের পর এক অভিনয় করেন ‘দিশা’, ‘দীক্ষা’,‘ তিরাঙ্গা’, ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ ইত্যাদি ছবিতে। এরমধ্যে ‘তিরাঙ্গা’ ও ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ ছবির জন্য ফিল্মফেয়ারে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পান।

১৯৯২ সালে ‘অংগার’ ছবিতে অভিনয়ের জন্য জয় করেন সেরা খলনায়কের ফিল্মফেয়ার পুরস্কার।

১৯৯৫ সালে মুক্তি পায় ‘ক্রান্তিবীর’ ও ‘অগ্নিসাক্ষী’। ‘অগ্নিসাক্ষী’ ছবিতে মনীষা কৈরালার বিপরীতে অনবদ্য অভিনয় করেন তিনি। নিজের স্ত্রীকে নির্যাতনকারী বিকৃত মানসিকতার এক ব্যক্তির চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন। বিশ্বনাথ নামে ওই চরিত্রে তার সংলাপ প্রক্ষেপণ, অভিব্যক্তি, শরীরি অভিনয় সবকিছুই ছিল তুলনাহীন। এই ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন তিনি।

'ক্রান্তিবীর’ ছবিতে ডিম্পল কাপাডিয়ার বিপরীতে অভিনয় করেন তিনি। এ ছবিতে বিপথগামী থেকে সমাজের মঙ্গলের জন্য আইন নিজের হাতে তুলে নেওয়া এক লড়াকু ব্যক্তির ভূমিকায় অভিনয় করেন তিনি। এ ছবিতে অভিনয়ের জন্য জয় করেন সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

‘খামোশি’(১৯৯৬) ছবিতে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির ভূমিকায় অসাধারণ অভিনয় করেন তিনি। সালমান-মনীষা অভিনীত এ ছবিতে তিনি ছিলেন মনীষা কৈরালার বাবার ভূমিকায়। একই বছর মুক্তি পায় ‘গুলাম-ই-মুস্তাফা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এখানে তার অভিনীত চরিত্রের নাম ছিল মুস্তাফা যে গুণ্ডা থেকে ভালোমানুষ হয়ে ওঠে এবং খারাপ মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ছবিটিতে তার বিপরীতে ছিলেন রাভিনা ট্যান্ডন।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়াজুদ’ ছবিতে মানসিক সমস্যায় আক্রান্ত এক ব্যক্তির চরিত্রেও দারুণ অভিনয় করেন তিনি। ‘হুতুতু’, ‘কোহরা’, ‘গ্যাং’, ‘তারকিব’ প্রতিটি ছবিতেই তার অভিনীত চরিত্রগুলো ছিল বৈচিত্র্যময়।

২০০২ সালে মুক্তি পায় ‘শক্তি:দ্য পাওয়ার’। ছবিতে প্রধান চরিত্রে ছিলেন নানা পাটেকার, কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর। ক্ষমতার লোভে একজন গোষ্ঠিনেতা নিজের নাতির জীবন হুমকির মুখে ফেলতে দ্বিধা করে না। এমন এক ব্যক্তির চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন তিনি। ফিল্ম ফেয়ারে সেরা খলনায়কের মনোনয়ন পান তিনি। ‘ভূত’, ‘ডরনা মানা হ্যায়’, ‘আবতাক ছাপ্পান’ - প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেন তিনি।

২০০৬ সালে ‘অপহরণ’ ছবির জন্য সেরা খলনায়কের পুরস্কার জয় করেন ফিল্মফেয়ার আসরে।

নানা পাটেকার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ছবি হলো, ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’, ‘ওয়েলকাম’, ‘ওয়েলকাম ব্যাক’, ‘পাঠশালা’,‘রাজনীতি’ ইত্যাদি। ‘রাজনীতি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা খলনায়ক হিসেবে ফিল্মফেয়ার আসরে মনোনয়ন পান। ‘ওয়েলকাম’ ছবিতে কমেডি চরিত্রে অসাধারণ অভিনয় করেন তিনি। ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’ সিনেমায় জন অ্যাব্রাহাম এবং নানা পাটেকার ছিলেন কেন্দ্রীয় চরিত্রে।

আশির দশকে স্ত্রী নীলাকান্তি পাটেকারের সঙ্গে বিচ্ছেদের পর নানা পাটেকার আর বিয়ে করেননি। মনীষা কৈরালা ও আয়শা জুলকার সঙ্গে তার রোমান্সের গুঞ্জন শোনা গেলেও তিনি ঘর বাঁধেননি কারো সঙ্গেই।

২০১৩ সালে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

দানশীলতার জন্য নানা পাটেকার বহুল খ্যাত। একাধিক সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত তিনি। মহারাষ্ট্রের খরাপীড়িত দরিদ্র কৃষকদের উন্নয়নের জন্য তিনি ‘নাম ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা। বিহারের বন্যাদুর্গত গ্রামে প্রচুর অর্থ দান করেছেন তিনি। ‘পাঠশালা’ ছবিতে অভিনয়ের জন্য প্রাপ্ত সমস্ত অর্থ তিনি দান করেছেন।দশ লাখ রুপি মূল্যের রাজকাপুর অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। পুরস্কারের পুরো অর্থই তিনি মহারাষ্ট্রের খরাপীড়িত কৃষকদের সেবায় দান করেছেন।

নানা পাটেকার সাদাসিধে জীবন যাপন করেন এবং বিলাসবহুল ফিল্মি পার্টিগুলোতে তাকে খুব একটা দেখা যায় না।

এই শক্তিমান অভিনেতা তার প্রায় চার দশকের ক্যারিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন যা বলিউডের সিনেজগতের সম্পদ হয়ে আছে। ৬৫ বছর বয়সেও ক্যারিয়ারে তার ব্যস্ততা কমেনি। সমালোচক ও দর্শকের মন জয় করে এখনও বলিউডের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন।