২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দ্য ফোর্স অ্যাওইকেন্স': পুরনো ফর্মুলায় নতুন অভিযান

'আ লং টাইম এগো ইন এ গ্যালাক্সি, ফার ফার অ্যাওয়ে'- পরিচিত সেই উক্তির সঙ্গে জন উইলিয়ামসের চিরচেনা অপেরা ট্রাম্পেটের সুর; এ দুটো বিষয়ই যথেষ্ট একজন 'স্টার ওয়ার্স' ভক্তের স্মৃতিকে জাগিয়ে তোলার জন্য। ১৯৭৭ সাল থেকে যে ফ্র্যাঞ্চাইজি বিমোহিত করে রেখেছে কোটি কোটি দর্শককে, সেই ফ্র্যাঞ্চাইজির সিনেমা ফিরেছে এক দশক পর। 'স্টার ওয়ার্সঃ দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স' নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল একেবারে পর্বতসম। তবে, সে প্রত্যাশা সিনেমাটি মেটাতে পেরেছে কি?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 04:46 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

সিনেমা যেখানে মুক্তি পাবে ২০১৫ সালের শেষে, সেখানে ২০১৪ সালের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হয়ে গিয়েছিল 'দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স'-এর ৫ কোটি মার্কিন ডলার সমমূল্যের টিকিট। যুক্তরাজ্যে সে অঙ্কটাও নেহাত কম নয়, ১ কোটি মার্কিন ডলার। আর সিনেমা মুক্তির পর কি ঘটতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। রাতারাতি একের পর এক রেকর্ড ভেঙ্গে সাত দিনের মাথায় আয় করেছে শত কোটি ডলার। সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় এখন অবস্থান করছে ১৫ নম্বরে। দর্শক হুমড়ি খেয়ে হলে গেছেন নিজেদের পছন্দের চরিত্রগুলোকে নতুন করে দেখার জন্য। এখানেই ঘটেছে বিপত্তিটা।

ভক্তদের প্রত্যাশা, সমালোচকের দৃষ্টিভঙ্গি এবং সবচেয়ে বড় বিষয় - সিনেমার ব্যবসা; অনেক খুঁটিনাটি বিষয়ই মাথায় রাখতে হয়েছে সিনেমাটির পরিচালক জে জে আব্রামস এবং সিনেমার অন্যান্য নির্বাহীদের। তাই 'দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স' সম্পূর্ণভাবে একটি 'স্টার ওয়ার্স' সিনেমা হতে পেরেছে, নাকি প্রথম 'স্টার ওয়ার্স' ট্রিলজির ছায়া হয়েই রয়ে গেছে - সেই দ্বন্দ্ব রয়েই যাচ্ছে।

নিঃসন্দেহে বেশিরভাগ ভক্তই নিজেকে ভাগ্যবান মনে করবেন প্রিন্সেস লেইয়া, হান সোলো কিংবা লুক স্কাইওয়াকারের মত চরিত্রগুলোকে তাদের স্বরূপে ফিরতে দেখে। তাই বলে নতুন চরিত্রগুলোর গুরুত্বটাও একেবারেই ফিকে হয়ে যায় না। ফ্র্যাঞ্চাইজিতে নিজেদের প্রয়োজনটা মোটামুটিভাবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন তারা। তবে, এখানে একটি প্রশ্ন উঠবেই - একজন দর্শক 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স'কে ফ্র্যাঞ্চাইজিটির পাঁড় ভক্ত হিসেবে বিচার করবেন নাকি একজন সাধারণ দর্শক হিসেবে?

'দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স' যতই সামনে এগুবে, স্বাভাবিকভাবেই সিনেমার প্রতি ভক্তের নিবিষ্টতা ততই বাড়বে। কিন্তু, অন্য ছয়টি 'স্টার ওয়ার্স' দেখা একজন দর্শকের জন্য এই অভিজ্ঞতাটা হবে কিছুটা ভিন্ন। 'স্টার ওয়ার্স'-এর সর্বপ্রথম সিনেমা 'আ নিউ হোপ' যেন পুনর্নিমিত হয়েছে অত্যাধুনিক সিজিআইয়ের মোড়কে। সেটা হতেই পারে, কিন্তু 'দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স'-এর ঘটনা পরিক্রমা মোটামুটি অনুমিতই হয়ে পড়তে পারে বার বার 'স্টার ওয়ার্স' এর মূল ট্রিলজির রেফারেন্স চলে আসায়। পরিচালক সিনেমায় বাহাদুরি করে নতুন কোনো চমক দেখানোর ঝুঁকি নেননি। প্রিকুয়াল ট্রিলজির বেলায় ভক্তরা যেমন ক্ষুব্ধ হয়ে পড়েছিল সে ঝুঁকি এড়াতেই যেন একদম খাপে খাপে পুরনো ফর্মুলায় বসিয়েছেন 'দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স'-এর গল্পটি। সমস্যা হলো, এত পুনরাবৃত্তিতে নতুন ট্রিলজির প্রথম সিনেমার মতো মৌলিকত্ব সৃষ্টি হয়নি। 'আ নিউ হোপ'-এর কাহিনি যেভাবে এগিয়েছে, ঠিক সেভাবেই লেখা হয়েছে 'দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স' এর চিত্রনাট্য। বিবি-এইট ড্রয়েডের মাধ্যমে সিক্রেট মেসেজ এনক্রিপশন করে পাঠানো, পাইলট পো ড্যামেরনকে পাকড়াও- পরবর্তীতে রেই, ফিন এবং হান সোলো, চিউবাকার আবির্ভাব এবং নতুন অভিযান-  দর্শক যতই সিনেমাটির গভীরে প্রবেশ করবেন, তার কাছে মনে হবে তিনি যেন ‘আ নিউ হোপ' সিনেমাটিকেই নতুন চরিত্র সহযোগে দেখছেন।

'স্টার ওয়ার্স' ফ্র্যাঞ্চাইজি মূলত এতটা জনপ্রিয়তা পেয়েছি সিনেমার চরিত্রগুলোর গভীরতার জন্য। এজন্যই লুক স্কাইওয়াকার সিনেমায় অনুপস্থিত থাকায় তাকে নিয়ে তৈরি হয় এক ধরনের দুশ্চিন্তা। কিংবা ডার্থ ভেডারের পতন ঘটলেও ভক্তরা তার ছায়া খুঁজে ফেরেন প্রতি মূহুর্তে। নতুন সময়, নতুন সিনেমা- তাই নতুন চরিত্রের প্রয়োজনীয়তা পড়েছে এই সিনেমায়। সবচেয়ে কম আলোচিত চরিত্রটিই এখন পর্যন্ত 'দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স' সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র। কাইলো রেন, 'ফোর্স'-এর অশুভ শক্তির নতুন সেনানী- যিনি তার দাদার অসমাপ্ত কাজ শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ, অ্যাডাম ড্রাইভার এই চরিত্রে ছিলেন অনবদ্য। তার অভিনয় এবং চরিত্রটির গভীরতা 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওইকেন্স'-এর জন্য সবচেয়ে ইতিবাচক এক দিক। ২০২০ পর্যন্ত আরও দুটি পর্ব বের হওয়ার অপেক্ষায় রয়েছে 'স্টার ওয়ার্স' এর। দুর্ধ্বর্ষ, কিন্তু একই সঙ্গে অনুভূতিপ্রবণ এই চরিত্রটি যে কোনো দর্শককে চমকে দিতে বাধ্য। নির্মাতারা দারুণভাবে সিনেমায় ডার্থ ভেডারকে ফিরিয়েছেন কাইলো রেনের পোশাকে। ডার্থ ভেডারকে নিজের শক্তির আধার মনে করা কাইলো পরিধান করেছেন অনেকটা ভেডারের বর্মের আদলে গড়া এক ভারী পোশাক এবং মুখোশ।

যেখানে 'আ নিউ হোপ'-এ এর আশার আলো হয়ে এসেছিলেন লুক স্কাইওয়াকার, সেখানে 'দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স'-এর মূল ভরসা হয়ে দাঁড়ান নিজের পরিবারের সন্ধানে প্ল্যানেট জাক্কুতে একাকী বসবাস করা স্ক্যাভেঞ্জার রেই। ডেইজি রিডলি এই চরিত্রে করেছেন মানানসই অভিনয় এবং নিজের চরিত্রের বিবর্তনের মতো জায়গা রাখতে পেরেছেন তিনি। তবে, তার চরিত্রটিকে অনেক দ্রুতই একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আরো ব্যাখ্যার প্রয়োজন ছিল বলেই মনে হয়। এমনকি লুক স্কাইওয়াকারও এত সহজেই জেডাইদের ভরসা হতে পারেননি। স্টর্মট্রুপারদের দল থেকে পালিয়ে আসা এফএন-টুওয়ানএইটসেভেন অথবা ফিন - নিজের বেঁচে থাকাটাই যে মনে করে সবচেয়ে প্রয়োজনীয়, তরুণ হান সোলোর ছায়া ভালোভাবেই খুঁজে পাওয়া যায় এই চরিত্রে। একই সঙ্গে অস্কার আইজ্যাকের পো ড্যামেরনের চরিত্রটিও যথেষ্ঠ গুরুত্ব বহন করে সিনেমাতে।

ডিজনি যেহেতু সিনেমা বিপণনের দায়িত্বে, খুব স্বাভাবিকভাবেই একটি সিনেমার দৃশ্যায়নের গভীরতায় কিছুটা প্রভাব পড়তেই পারে। 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওইকেন্স' মূলত স্টার ওয়ার্সের পাঁড় ভক্তের চাইতে উঠতি প্রজন্মের কিশোর এবং শিশুদের জন্যই নির্মিত। তারই সুবাদে সি-থ্রিপিও এবং আরটু-ডিটুর চাইতে এখন সবচাইতে আলোচিত ড্রয়েড হয়ে উঠেছে বিবি-এইট। তবে, এতে কয়েকটি চরিত্রে পড়েছে বাজে প্রভাব। সিনেমা মুক্তির আগে অন্যতম আলোচিত একটি চরিত্র ছিল গুয়েন্ডোলাইন ক্রিস্টি অভিনীত ক্যাপ্টেন ফ্যাজমা চরিত্রটি। সে হিসেবে সিনেমায় তার চরিত্রের কোনো গুরুত্বই ছিল না। গ্যালাকটিক সাম্রাজ্য এখন বদলে হয়েছে ফার্স্ট অর্ডার। রাজনীতি যেখানে 'স্টার ওয়ার্স' ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটিকেও যেন সুকৌশলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। প্রিন্সেস লেইয়া এখন বিদ্রোহীদের দলনেতা। যেখানে শুভ-অশুভ দু পক্ষেই আগের সিনেমায় দেখা গিয়েছে সমান সংখ্যক হতাহত, সেখানে বিদ্রোহী রেসিস্ট্যান্স দল কিছুটা পারই পেয়ে গেছে।

তবে পুনরায় মিলেইনিয়াম ফ্যালকন এবং লাইটসেইভারের দ্বৈরথ দেখতে পারাটা নিঃসন্দেহে সিনেমাটির ভক্তের জন্য অসাধারণ কিছু। কাইলো রেনের সঙ্গে ফিন এবং রেইয়ের দুটি অসাধারণ দ্বৈরথ রয়েছে সিনেমায়। ফার্স্ট অর্ডারের আঘাত ঠেকাতে স্টার শিপগুলোর অভিযানকে বেশ ভালোভাবেই দৃশ্যায়ন করা হয়েছে উঁচু মানের গ্রাফিক্সের মোড়কে। অ্যানডি সারকিস যে সিজিআই গুরু, তার প্রমাণ দিলেন আরো একবার। সুপ্রিম লিডার ক্যাপ্টেন স্নোক চরিত্রে তার চলন এবং ভঙ্গিমা জন্ম দিয়েছে আরেক ভয়ঙ্কর ক্ষমতাধর খলনায়কের। সংলাপের গভীরতায় অবশ্য নেই নতুনত্ব, পুরনো ফর্মুলা এবং হাস্যরস ফিরে এসেছে বার বার। হান সোলো চরিত্রে অবশ্য হ্যারিসন ফোর্ড আরো অনবদ্য। প্রবীণ এই অভিনেতা চরিত্রটিকে দিয়েছেন নতুন মাত্রা। সুযোগসন্ধানী সোলো এখন যথেষ্ট বুদ্ধিমান এবং একরোখা। সঙ্গে চিউবাকার চরিত্রে পিটার মেইহিউও ছিলেন দুর্দান্ত।

'স্টার ওয়ার্স'-এর অষ্টম পর্বে নির্মাতারা কি রেখেছেন ভক্তদের জন্য, তা এখনই বলা সম্ভব নয়। কাইলো রেনের ক্ষমতার বিকাশ কিংবা 'ফোর্স'-এর পুনরুত্থানটি কোন পর্যায়ে গিয়ে দাড়াবে সেটি সময়ই বলবে। তবে এটা নিঃসন্দেহে বলা যায়, এক দশক পর 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স' শুধুমাত্র ভক্তদের জন্য পরবর্তী সিনেমাগুলোর জন্য একটি ট্রেইলার মাত্র। হতে পারে পুরনো কাহিনির আদলে পুনরাবৃত্তি, তবুও 'দ্য ফোর্স অ্যাওইকেন্স'-এর আবেদনটি কমে না এক মূহুর্তের জন্যও। এরকম অনেকেই আছেন যারা নতুন 'স্টার ওয়ার্স' দেখতে এক বসায় শেষ করেছেন আগের ছয়টি সিনেমা। এখন শুধু অপেক্ষা, 'ফোর্স' আমাদের সাঙ্গে আছে, নাকি নেই।