যত বড় তারকা, তত বড় কথা
গণমাধ্যমের সামনে সব সময় রাখঢাক করেই কথা বলেন তারকারা, পাছে কেউ কোনো কিছু ভেবে না বসে। কিন্তু মাঝে মাঝে তারা এমন সব কথা বলে বসেন যে, তোলপাড় শুরু হয়ে যায়। ২০১৫ সালে বলিউড তারকাদের বলা এমন কিছু উক্তির কথাই তুলে ধরা হলো।
'আমাকে ছাড়া ভালো সিনেমাও চলে না ডার্লিং'
শিরোনাম হওয়ার খেলায় শাহরুখ খানকে টপকাতে পারবে এমন শিল্পী খুঁজে পাওয়া ভার। নিজের তারকাখ্যাতি নিয়ে বড়াই করার অভ্যাস নতুন নয় কিং খানের। চলতি বছর ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, "অনেক ভালো সিনেমাও আমাকে ছাড়া চলে না ডার্লিং।"
'যেটা হয়ে গেছে, তা মনে রাখার কিছু নেই'
'পিকু' সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে দিপিকা পাড়ুকোনের বোঝাপড়া যতোই ভালো হোক না কেন, পর্দার পেছনে কিছুটা মন কষাকষি হয়েছে এমন গুঞ্জন ওঠে। সিনেমার সাফল্য উদযাপনের আয়োজনকে যখন বিগ বিকে নেমন্তন্ন করলেন না দিপিকা, তখন এ গুজব আরো জোরালো হয়। এরপর দিপিকা অবশ্য ক্ষমা চান পর্দার বাবার কাছে। এ প্রসঙ্গে অমিতাভ বলেছিলেন, 'জো বিত গায়ি সো বাত গায়ি'।
'ক্ষমার অযোগ্য অপরাধ করেছে'
নারীর প্রতি সহিংসতা নিয়ে বরাবরই সরব হতে দেখা গেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। ২০১২ সালে দিল্লিতে বাসে গণধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত কিশোর আসামীকে সম্প্রতি ছেড়ে দেয়া হলে প্রতিবাদে মুখর হয় পুরো ভারত আর তাতে গলা মেলান প্রিয়াংকাও। আদালতের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, "অপরাধটি ক্ষমার অযোগ্য ছিল।"
'সবাই ভাবে আমার কোনো চিন্তা নেই'
১৩ বছর ধরে চলতে থাকা মুম্বাইয়ে গাড়ি চাপা মামলা থেকে চলতি বছর রেহাই পেয়েছেন সালমান খান। মামলার শুনানির তারিখ যত ঘনিয়ে এসেছে, ততোই বেড়েছে তার দুশ্চিন্তা। শুনানির আগে এক সাক্ষাৎকারে নিজের মনের দুঃখ প্রকাশ করে সালমান বলেন, "মামলার শুনানি নিয়ে আমি খুবই চিন্তিত। কিন্তু আমার পেশাটাই এমন যে, লোকে ভাবে আমার কোনো চিন্তা নেই। তারা বলে, আমার নামে দুটি মামলা চলছে আর আমি জ্যাকুলিনের সঙ্গে নেচে বেড়াচ্ছি, সোনামের সঙ্গে প্রেমের অভিনয় করছি, পোল্যান্ডে শুটিং করতে যাচ্ছি, হেসে খেলে সময় কাটাচ্ছি। কারণ আমি ৬০০ কোটি রুপি আয় করি।"
"কিন্তু কেউ জানে না, কতোটুকু টাকা আমার পকেটে আসে। আমার সব ভালো কাজ মিথ্যা হয়ে যায়, যখন মামলার প্রসঙ্গ আসে। ব্যাপারটা আসলে এত সহজ নয় আমার জন্য, সারাক্ষণ আমার মাথার ওপর খড়গ ঝুলছে।'
'ভালো বন্ধু মানেই যৌনসঙ্গী'
কাঙ্গানা রানাওয়াত মানেই সরাসরি কথার ধারালো আঘাত। মাঝে মাঝে তার মন্তব্যে বের হয়ে যায় বলিউডের নানা গোপন কথাও। চলতি বছর এক সাক্ষাৎকারে কাঙ্গানা বলেন, বলিউডে 'ভালো বন্ধু' বলে কিছু নেই, ভালো বন্ধুমানে হলো যৌনসঙ্গী।
'অন্য কারো ব্যাপারে শিরোনাম দেবো না'
কথিত প্রেমিকা দিপিকা পাড়ুকোনকে নিয়ে রসালো মন্তব্য কম করেননি অভিনেতা রানভির সিং। তবে এবার একটু ক্ষান্ত দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি 'বাজিরাও মাস্তানি'র প্রচারের সময় দিপিকার সঙ্গে প্রেম নিয়ে আবারও তাকে ছেঁকে ধরে সাংবাদিকরা। তখন দুষ্টুমি করে রানভির বলেন, "আমি আর অন্য কারো প্রসঙ্গে কথা বলে আপনাদের শিরোনাম করার সুযোগ দেবো না।"
'কি আবেগপ্রবণ প্রশ্ন করে বসলেন!'
সালমান খানকে আবেগপ্রবণ করে তুলতে পারে, এমন নারী আছেন বোধহয় একজনই আছেন আর তিনি হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। খোদ সালমানই বলেছেন সে কথা।
'জাজবা'র মাধ্যমে এ বছর পর্দায় ফিরেছেন অ্যাশ। সিনেমাটি মুক্তির আগে সালমানকে এক সাংবাদিক প্রশ্ন করেন, তার অনুষ্ঠান 'বিগ বস'-এ কি 'জাজবা'র প্রচারণা করতে আসবেন অ্যাশ? তখন সালমানের চটপট জবাব, 'কি আবেগপ্রবণ প্রশ্ন করলেন আপনি?'
'ওহ মাই গড!'
স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর হৃত্বিক রোশানকে একাকী জীবন কাটাতে দেখে যেন ভালো লাগছিলো না গণমাধ্যমগুলোর। গুঞ্জনকারীরা তার নাম জুড়লো 'কৃশ থ্রি' সহশিল্পী কাঙ্গানা রানাওয়াতের সঙ্গে। আর এই গুজব শোনার পর এমনই হয়েছিল হৃত্বিকের প্রতিক্রিয়া।
'প্রিয় আমির...দেশ ছেড়ে তিনি কোথায় যেতে চান?'
ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে আমিরের মন্তব্য শোনার পর প্রথম প্রতিক্রিয়া জানান অভিনেতা এবং রাজনীতিবিদ অনুপম খের। টুইট করে তিনি জানতে চান, "প্রিয় আমির খান, আপনি কি আপনার স্ত্রী কিরানকে জিজ্ঞেস করেছেন দেশ ছেড়ে তিনি কোথায় যেতে চান? আপনি কি তাকে বলেছেন এই দেশই আপনাকে 'আমির খান' বানিয়েছে?"
'রাস্তায় ঘুমালে কুকুরের মতোই মরবে'
২০০২ সালে সালমানের গাড়িতে চাপা পড়ে মারা যান রাস্তার পাশে ঘুমিয়ে থাকা এক ছিন্নমূল ব্যক্তি, এছাড়া আহত হন আরো ৪ জন। চলতি বছরের মে মাসে এই মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন সালমান। তখন তাকে সমবেদনা জানিয়ে এই টুইট করেন বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য।
'অমিতাভের ব্যাপারে রেখাকে প্রশ্ন করা কঠিন ছিল না'
অমিতাভের ব্যাপারে রেখাকে প্রশ্ন করার সাহস মনে হয় শুধু একজনেরই রয়েছে, তিনি হলেন অভিনেত্রী সিমি গারেওয়াল। সম্প্রতি তিনি জানান, কাজটি তেমন কঠিন ছিল না তার জন্য। সিমি বলেন, "আমি জয়ললিতাকে এমজিআরের ব্যাপারে প্রশ্ন করেছি, এক্ষেত্রে রেখাকে অমিতাভের ব্যাপারে প্রশ্ন করা অনেকটাই সহজ ছিল।"
