২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে ব্যবসাসফল ছবি হওয়ার পথে ‘স্টার ওয়ার্স'

বহুল প্রতীক্ষিত 'স্টার ওয়ার্স' ফিরেছে পর্দায়। ‘দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’ মুক্তির দুদিনেই এগুচ্ছে ২০ কোটি মার্কিন ডলার আয়ের পথে। নির্মাতাদের ধারণা, সপ্তাহান্তে এই আয়ের অঙ্ক ছাড়াবে ২৫ কোটির ঘরে পৌঁছে যাবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 05:30 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

এখন পর্যন্ত ইউনিভার্সাল পিকচার্সের ‘জুরাসিক ওয়ার্ল্ড’- এর দখলে রয়েছে মুক্তির প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড। ২০ কোটি ৮৪ লাখ ডলার মার্কিন ডলারের অঙ্কটিকে 'স্টার ওয়ার্স' সিরিজের সপ্তম সিনেমা হেসে খেলেই পার করে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমাটির প্রযোজনা সংস্থা ডিজনি বলছে, শুধুমাত্র বৃহস্পতিবারের প্রিভিউ থেকেই সিনেমাটি তুলে এনেছে ৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। একই সঙ্গে শুক্রবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়া সিনেমায় আয়ের খাতা খুলেছে ১০ কোটি মার্কিন ডলার নিয়ে, যা ইতোমধ্যেই ‘হ্যারি পটার: দ্য ডেথলি হ্যালোজ পার্ট টু’র ৯ কোটি ১১ লাখ ডলারের রেকর্ড ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের বাইরে ৪৪টি দেশ থেকেও ‘স্টার ওয়ার্স' এর সপ্তম সংযোজন তুলে এনেছে প্রায় ৭ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। আগামী সপ্তাহেই সিনেমাটি মুক্তি পাবে গ্রিস এবং ভারতে আর চীনে সিনেমাটি মুক্তি পাবে জানুয়ারি মাসে।

যে গতিতে ছুটছে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স',  তাতে ২০ কোটি ডলার বাজেটে নির্মিত সিনেমাটি প্রথম সপ্তাহেই লগ্নির টাকা তো তুলে নেবেই, সেই সঙ্গে 'জুরাসিক ওয়ার্ল্ড'- এর ৩১ কোটি ৬১ লাখ ডলার আয়ের রেকর্ড ভেঙে দেবে বলে ধারণা করা হচ্ছে।   

‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’- এর ঘটনা এগিয়েছে মূল ট্রিলজি সমাপ্ত হবার ৩০ বছর পরের প্রেক্ষাপটে। সিনেমাতে নতুন চরিত্রগুলোতে অভিনয় করেছেন ডেইজি রিডলি, জন বোয়েগা, অস্কার আইজ্যাক, অ্যাডাম ড্রাইভার, লুপিতা নিয়ঙ্গ এবং ডমহ্যাল গ্লিসন। পুরোনোদের মধ্যে নিজেদের চরিত্রে ফিরেছেন ক্যারি ফিশার, হ্যারিসন ফোর্ড এবং মার্ক হ্যামিল।