২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের মুক্তির দাম ২৫ কোটি

প্রায় ১৩ বছর ধরে চলা মামলা নিষ্পত্তি হয়েছে অবশেষে। মুম্বাইয়ে গাড়ি চাপা মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বলিউড তারকা সালমান খান। কিন্তু এই মামলার পেছনে তাকে খরচ করতে হয়েছে ২৫ কোটি রুপি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 01:33 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

সম্প্রতি উচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সালমানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান জানান, ১৩ বছর ধরে এই মামলার পেছনে সালমানকে খরচ করতে হয়েছে ২৫ কোটি রুপি।

তিনি বলেন, "সবাই ভাবছে ক্ষমতার জোরে সালমান বেঁচে গেলো, মাত্র কয়েক দিন জেল খাটতে হল তাকে। কিন্তু এই মামলার পেছনে ২০-২৫ কোটি রুপি খরচ হয়েছে সালমানের। এছাড়া এত দীর্ঘ সময় ধরে যে দুশ্চিন্তা আর কষ্টের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি, তা কি কম ছিল?"

চলতি বছর মাত্র দুটি সিনেমায় অভিনয় করে বলিউডকে ৫০০ কোটি রুপির ব্যবসা এনে দিয়েছেন মহাতারকা সালমান। বলিউডের সবচেয়ে মূল্যবান তারকাদের মধ্যে অন্যতম এই অভিনেতার পেছনে ছোট ও বড় পর্দার প্রযোজক এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

চলতি বছরের ৫ জুন ১৩ বছর ধরে চলতে থাকা মুম্বাইয়ে গাড়ি চাপা মামলার চূড়ান্ত রায়ে সালমানকে দোষী সাব্যস্ত করে মুম্বাইয়ের এক নিম্ন আদালত। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে সালমানের সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে বান্দ্রার একটি বেকারির সামনের ফুটপাতে। এই দুর্ঘটনায় ফুটপাতে শুয়ে থাকা এক ব্যাক্তি নিহত হন এবং দুজন আহত হন।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন সালমান। অবশেষে ১০ ডিসেম্বর সালমানের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেন হাইকোর্ট। আদালতে বলা হয়, সালমানের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদী পক্ষ।

পুরনো খবর:

সালমানের রায়ে ৫০০ কোটির স্বস্তি আর কিছু দীর্ঘশ্বাস
সালমান খান বেকসুর খালাস