নতুন মুখের 'ফেরারী'
ঢাকাই সিনেমায় নতুন মুখদের ভীড়ে যুক্ত হতে চলেছে আরো একটি মুখ। আসছে 'ফেরারী'। হানিফ মাহমুদ পরিচালিত সিনেমাটির মাধ্যমে অভিষেক ঘটবে রবিনের। তিনি পাশে পাবেন নবাগতা মৌমিতা মৌকে।
১২ ডিসেম্বর সন্ধ্যায় সিনেমাটির মহরত হয়ে গেলো বিএফডিসির জহির রায়হান ভিআইপি মিলনায়তনে।
নায়ক-নায়িকার মতো সিনেমাটির পরিচালকও নবাগত। বললেন, "যেহেতু এটা আমার প্রথম ছবি তাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে শুটিংয়ে নামতে চাই।" আরো বললেন, যেহেতু নায়কের অভিষেকের সিনেমা এটি, তাই তাকেও ভালোভাবে প্রস্তুত করতে চান।
ডনি প্রোডাকশন হাউজের ব্যানারে অ্যাকশন ধাঁচের এই ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচয়িতাও পরিচালক নিজেই।
সব ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু করার কথা জানিয়েছেন হানিফ মাহমুদ।
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কাজী হায়াত, প্রযোজক নজরুল ইসলাম খান, খোরশেদ আলম খছরু, ফিরোজ খান প্রিন্সসহ অনেকে।
