উলভারিনবিহীন ‘এক্স মেন অ্যাপোক্যালিপ্স’?
‘এক্স মেন’ সিরিজের পরবর্তী সিনেমা ‘অ্যাপোক্যালিপ্স’ আসছে আগামী বছর। নানা কারণে আলোচনায় থাকা সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়েছে সম্প্রতি। আদি মিউট্যান্ট অ্যাপোক্যালিপ্সের হাত থেকে পৃথিবী বাঁচানোর অভিযানে এক ঝাঁক নতুন মুখ চোখে পড়লেও দেখা যায়নি উলভারিনকে।
‘ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’-এর পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত ‘অ্যাপোক্যালিপ্স’- এ দেখা যাবে এক নতুন মিউট্যান্ট শক্তির উত্থানকে। দুই মিনিট চৌত্রিশ সেকেন্ডের এই ট্রেইলারে পাল্টে যাওয়া অতীতে পৃথিবীকে কেবল মিউট্যান্টদের বাসযোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে এগুনো অ্যাপোক্যালিপ্সকে দেখানো হয় যে বিশ্বের প্রথম মিউট্যান্ট। অস্কার আইজ্যাক অভিনীত চরিত্রটিকে ঠেকাতে প্রফেসর চার্লস এক্স জেভিয়ারের নেতৃত্বে লড়বে তরুণ স্টর্ম, জিন গ্রে এবং সাইক্লপ্স। তাদের সঙ্গে থাকছেন মিস্টিক এবং বিস্ট।
ফিরতি তারকাদের মধ্যে আরো থাকবে কুইকসিলভার এবং এঞ্জেল। আর ম্যাগনিটো তো থাকছেনই। তবে পুরো ট্রেইলারে একবারও দেখা যায়নি ‘এক্স মেন’ সিরিজের অন্যতম আকর্ষণ উলভারিনকে।
তবে ট্রেইলারের সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ন্যাড়া মাথায় প্রফেসর চার্লস এক্স জেভিয়ারের আবির্ভাব।
সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের ২৭ মে।
