২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দ্য থর্ন বার্ডস': অসম প্রেমের অমর উপাখ্যান

থর্ন বার্ড এক অদ্ভুত পাখি। জন্মের মুহূর্ত থেকে এই পাখি খুঁজে ফেরে তীক্ষ্ণ কাঁটা। যখন সে তার পছন্দসই কাঁটার দেখা পায় তখন তাতে বিদ্ধ করে নিজেকে। কাঁটাবিদ্ধ অবস্থায় সে গান গায়। জীবনের শ্রেষ্ঠ গানটি পরিবেশনের পর সে ঢলে পড়ে মৃত্যুর কোলে। উপকথার এই পাখি ব্যবহৃত হয় প্রেমের প্রতীক হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 01:32 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

চিরায়ত মিনি সিরিজ ‘দ্য থর্ন বার্ডস’-এ বলা হয়েছে এমনই এক মৃত্যুমুখী ভালোবাসার গল্প।

অস্ট্রেলিয়ার বিখ্যাত লেখক কলিন ম্যাককুলাহ-এর বেস্ট সেলিং উপন্যাস (১৯৭৭ সালে প্রকাশিত) অবলম্বনে নির্মিত হয় এই মিনি সিরিজ। যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশন নেটওয়ার্কে এটি প্রচারিত হয় ১৯৮৩ সালে। এটি মার্কিন সর্বকালের সেরা মিনি সিরিজগুলোর মধ্যে একটি।  বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রচারিত হয় আশির দশকে এবং ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলাদেশেও মিনি সিরিজটি বিটিভিতে প্রচারিত হয়।

এই মিনি সিরিজের পটভূমি ১৯১৫-১৯৬৯ পর্যন্ত বিস্তৃত। অস্ট্রেলিয়ার এক ভেড়ার খামার থেকে শুরু হয়ে কাহিনি বিস্তৃত হয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর ও ইউরোপে। মূলত ক্লেয়ারি পরিবারের জীবন সংগ্রামের কাহিনি এতে চিত্রিত হয়েছে, যার কেন্দ্রীয় চরিত্র ম্যাগি ক্লেয়ারি নামে এক নারী। সিরিজে তার শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত পুরো জীবন তুলে ধরা হয়েছে। কাহিনির নায়ক র‌্যালফ নামে এক তরুণ সুদর্শন ধর্মযাজক যিনি ম্যাগির চেয়ে বিশ বছরের বড়। ধর্মীয় রীতি, উচ্চাশা, প্রেম এবং এর ত্রিমুখী দ্বন্দ্ব কাহিনির মূল গতিকে নিয়ন্ত্রণ করেছে।

ড্রঘেডা নামে এক খামারবাড়িতে বেড়ে ওঠে ম্যাগি। ক্লেয়ারি পরিবার আয়ারল্যান্ড থেকে প্রথমে নিউজিল্যান্ড ও পরে অস্ট্রেলিয়ায় বসতি গড়ে। পরিবারের প্রধান প্যাডি ক্লেয়ারি একজন দরিদ্র শ্রমিক। তিনি তার ধনী বিধবা বোনের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে ড্রঘেডা খামারে আসেন সপরিবারে। তার স্ত্রী ফি অভিজাত পরিবারের নারী। তিনি প্যাডির স্ত্রী হয়েও ভুলতে পারেন না তার প্রথম প্রেমিককে। এই দম্পতির বেশ কয়েকজন সন্তান। সবাই ছেলে। একমাত্র মেয়ে ম্যাগি। একমাত্র মেয়ে হলেও সে অবহেলিত। ফি তার প্রথম সন্তান ছাড়া অন্য সন্তানদের প্রতি খুব উদাসিন। কারণ প্রথম সন্তানটি তার প্রেমিকের স্মৃতি বহণ করছে। শৈশব থেকে তরুণ ধর্মযাজক ফাদার র‌্যালফের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ম্যাগির। র‌্যালফও একজন আইরিশ। স্বাভাবিকভাবেই ক্লেয়ারি পরিবারের সঙ্গে তার যোগাযোগ নিবিড়। প্যাডির ধনী বোন মেরি কারসন এক চতুর নারী। র‌্যালফের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতে তিনি উৎসাহী। কিন্তু র‌্যালফ কৌশলে তার প্রেমের প্রস্তাব এড়িয়ে চলেন। র‌্যালফ স্থানীয় গির্জায় এবং ভ্যাটিক্যানে উচ্চ মর্যাদার অধিকারী হতে চান। একসময় তিনি যান রোমে। কয়েক বছর বাদে ড্রঘেডায় ফিরে তিনি দেখেন বালিকা ম্যাগি এখন সদ্য তরুণী। সুন্দরী ম্যাগিকে দেখে মুগ্ধ হন র‌্যালফ। ম্যাগির সঙ্গে তার পুরনো বন্ধুত্ব আবার জমে ওঠে। যা চোখে পড়ে মেরির। দুজনের বিচ্ছেদ ঘটাতে মতলব আঁটেন তিনি। ম্যাগিকে ভালোবাসেন র‌্যালফ। কিন্তু তিনি ক্যাথোলিক ধর্মযাজক। নারীর প্রেম তার জন্য নয়। ম্যাগিও ভালোবাসে র‌্যালফকে। যদিও সে প্রত্যাখ্যাত হয়। মেরি উইল করে বিপুল সম্পত্তি দেন র‌্যালফকে গির্জার কাজে ব্যবহারের শর্তে। এতে র‌্যালফের অবস্থান উঠে যায় অনেক উচুঁতে। ম্যাগির কাছ থেকে র‌্যালফকে বিচ্ছিন্ন করতেই এই কৌশল করেছিলেন মেরি কারসন।

ম্যাগিকে বিদায় জানিয়ে ধর্মের কাজে জীবন উৎসর্গ করেন র‌্যালফ। র‌্যালফকে ভুলতে চায় ম্যাগি। তার সাথে সম্পর্ক হয় লুক ও’নিল নামে এক তরুণ খামার শ্রমিকের। লুকের মূল উদ্দেশ্য ম্যাগির সম্পত্তি হাসিল করা।  ম্যাগি তাকে বিয়ে করে শুধু এই কারণে যে তার চেহারার সঙ্গে র‌্যালফের সামান্য মিল রয়েছে। অবশ্য বিয়ের পরই ভুল বুঝতে পারে ম্যাগি। লুক খুবই অমার্জিত ধরনের মানুষ, নারীদের প্রতি তার বিন্দুমাত্র সম্মানবোধ নেই। তাদের কন্যাসন্তানের জন্মের পরও কোনো পরিবর্তন হয় না লুকের। সে আখ কাটার কাজে বিভিন্ন খামারে নিয়ে যায় ম্যাগিকে।

এদিকে অস্ট্রেলিয়া ছেড়ে যাবার আগে ম্যাগির সঙ্গে দেখা হয় র‌্যালফের। ঘটনাক্রমে এক নির্জন প্রবাল দ্বীপে কয়েকটি দিন একসঙ্গে কাটে তাদের। তীব্র মানসিক দ্বন্দ্ব সত্ত্বেও র‌্যালফের ভিতরে জেগে ওঠে সেই প্রেমিক পুরুষ যে একান্তভাবে ভালোবাসে শুধু ম্যাগিকেই।

পরে অনুশোচনায় বিপর্যস্ত  র‌্যালফ চলে যান ইউরোপে। ম্যাগি ত্যাগ করে লুককে এবং ফিরে আসে ড্রঘেডাতে। ম্যাগি জন্ম দেয় র‌্যালফের সন্তানকে যার নাম রাখা হয় ডেইন। মেয়ে জাস্টিন ও ছেলে ডেইনকে নিয়ে জীবন কাটে ম্যাগির।

বছরের পর বছর পার হয়। বড় হয়ে ওঠে সন্তানরা। অন্যদিকে মানবসেবায় জীবন উৎসর্গ করেন র‌্যালফ। ভ্যাটিক্যানে র‌্যালফের অবস্থানও অনেক মর্যাদাপূর্ণ হয়। এক সময় ড্রঘেডায় ম্যাগির সঙ্গে দেখা করতে আসেন র‌্যালফ। ডেইনকে দেখে খুব ভালো লাগে তার। কিন্তু তাকে নিজের ছেলে বলে চিনতে পারেন না তিনি।

এক ছন্নছাড়া তরুণী হয়ে বেড়ে ওঠে জাস্টিন। অন্যদিকে ডেইন হয় ধীরস্থির, শান্ত স্বভাবের। এক সময় ডেইনও ধর্মযাজক হয়। র‌্যালফের সঙ্গে দেখা হয় তরুণ ডেইনের। ডেইনকে সব রকম সহায়তা দেন র‌্যালফ। তাদের চেহারার সাদৃশ্য দেখে লোকে তাদের মামা-ভাগ্নে বলে মনে করে।  র‌্যালফ ও ডেইন পরস্পরকে খুব পছন্দ করে যদিও তারা জানে না তাদের প্রকৃত সম্পর্ক।

ছুটি কাটাতে গ্রীসে যায় ডেইন। সমুদ্র স্নানে নামে। সে সময় দুজন নারী সমুদ্রে ডুবে যেতে থাকে। তাদের উদ্ধার করতে গিয়ে মৃত্যুবরণ করে ডেইন। ডেইনের শেষকৃত্যের সময় ম্যাগি প্রকাশ করে প্রকৃত সত্য। বৃদ্ধ র‌্যালফ এই শোক সহ্য করতে পারেন না। 

মিনি সিরিজের শেষে দেখা যায় র‌্যালফ এবং ম্যাগি পরস্পরের সঙ্গে তাদের সুখ-দুঃখের স্মৃতি বিনিময় করছে। থর্ন বার্ডসের পুরনো গল্প আবার ম্যাগিকে বলেন র‌্যালফ। একটি আর্মচেয়ারে বসে থাকা র‌্যালফের কোলে মাথা রাখে ম্যাগি। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি, ঠিক যেন ঘুমিয়ে পড়েছেন শান্তিতে।

অসামান্য মানবিক এই কাহিনিতে র‌্যালফের ভূমিকায় অভিনয় করেন মঞ্চ ও টিভির স্বনামধন্য অভিনেতা রিচার্ড চেম্বারলেইন, যিনি এর আগে ‘শোগান’ ও ‘ডক্টর কিলডেয়ার’ টিভি সিরিজে অভিনয় করেছিলেন। এই মিনি সিরিজের অন্যতম পরিচালকও এই মার্কিন অভিনেতা। ম্যাগির চরিত্রে অভিনয় করেন  রেচেল ওয়ার্ড। শিশু ম্যাগির চরিত্রে ছিলেন সিডনি পেনি। দুজনেই অনবদ্য অভিনয় করেন। এ সিরিজের সুবাদে রিচার্ড চেম্বারলেইন ও রেচেল ওয়ার্ড প্রাইম টাইম এমি ও গোল্ডেন গ্লোব জয় করেন । সেই সঙ্গে বিভিন্ন বিভাগে একাধিক প্রাইমটাইম এমি ও গোল্ডেন গ্লোব জয় করে সিরিজটি।

কাহিনি অস্ট্রেলিয়ার পটভূমিতে হলেও এটি চিত্রায়িত হযেছিল ক্যালিফোর্নিয়ায়। ড্রঘেডা খামার বাড়ির দৃশ্য চিত্রায়নের জন্য নির্মিত হয়েছিল বিশাল সেট। মিনি সিরিজটির কাহিনি, চিত্রায়ন, নির্দেশনা, মেইকআপ, সর্বোপরি অভিনয় ছিল অসাধারণ।

প্রেম,মানবিক অনুভূতি ও মূল্যবোধের অমর চিত্রায়ন টিভি সিরিজ ‘ দ্য থর্ন বার্ডস’ ।