'প্যারিসের জন্য প্রার্থনা'
শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্তত ছয়টি স্থানে সন্ত্রাসী হামলা থমকে দিয়েছে পুরো বিশ্বকে। এ ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে পশ্চিমা বিনোদন ব্যক্তিত্বরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা ও নিন্দা জানাচ্ছেন তারা।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে #প্রেফরপ্যারিস হ্যাশট্যাগ দিয়ে হতাহতদের জন্য সমবেদনা জানিয়েছেন বহু হলিউড তারকা। ফেইসবুকে এবং ইন্সটাগ্রামেও অনেকে প্রতিবাদ জানান এই হত্যাযজ্ঞের।
মার্কিন উপস্থাপিকা ও অভিনেত্রী এলেন ডিজেনারস টুইট করেন “আজ রাতে আমি প্যারিসের মানুষের কথা ভাবছি”।
হ্যারি পটার তারকা এমা ওয়াটসন টুইট #প্রেয়িংফরপ্যারিস হ্যাশট্যাগ ব্যবহার করে একাত্মতা প্রকাশ করেন।
সঙ্গীতশিল্পী পিংক টুইট করেন, " আমি প্যারিসের অধিবাসীদের জন্য প্রার্থনা করছি। আমি তাদের নিরাপত্তা এবং স্বস্তিকর জীবনের জন্য প্রার্থনা করছি”। কিম কার্দাশিয়ানের বোন এবং 'কিপিং আপ উইথ কার্দাশিয়ান্স' তারকা কর্টনি কার্দাশিয়ান লেখেন, “অনুগ্রহ করে সবাই প্যারিসের জন্য প্রার্থনা করুন”।
মার্কিন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার টুইট করে হামলায় আক্রান্তরা, তাদের স্বজন এবং ফ্রান্সের নাগরিকদের প্রতি সমবেদনা জানান। সঙ্গে তিনি পোস্ট করেন একটি রক্তাক্ত হৃদয়ে আইফেল টাওয়ার আঁকা ছবি। সেই সঙ্গে প্যারিসবাসীকে আবার জেগে ওঠার আহবান জানান তিনি।
এছাড়াও র্যাপার স্নুপ ডগ, গায়ক ফ্যারেল উইলিয়ামস, অ্যালিসিয়া কিস এবং কেটি পেরিও #প্রেফরপ্যারিস লিখে প্যারিসবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
