'গেইম অফ থ্রোন্স'- এ থাকছেন না নিল নিতিন মুকেশ
ক্যারিয়ারের শুরুতে বেশ সম্ভাবনা দেখালেও বলিউডে তেমন একটা সুবিধা করে উঠতে পারছিলেন নিল নিতিন মুকেশ। জনপ্রিয় টিভি সিরিজ 'গেইম অফ থ্রোন্স' এ অভিনয়ের সুযোগ তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হতে পারতো।
কিন্তু নিলের ভাগ্যের প্রদীপ এখনও জ্বলে ওঠেনি। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এইচবিও নিশ্চিত করলো সিরিজটির ষষ্ঠ সিজনে অভিনয় করছেন না তিনি।
বেশ কয়েক দিন আগে নিল নিজেই সিরিজটিতে নিজের অন্তর্ভুক্তির কথা জানান ভারতের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমকে। তিনি জানান, তার পরবর্তী সিনেমা 'প্রেম রাতান ধান পায়ো'র স্টান্ট নির্দেশক গ্রেগ পাওয়েলের কাছে তলোয়ার বিদ্যা শেখার সময় গ্রেগ তাকে সিরিজটির একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।
পরবর্তীতে, ডিএনএকে দেয়া এক সাক্ষাৎকারে নিল বলেন, "এখন পর্যন্ত কিছুই নিশ্চিত হয়নি। আমি সুখবরটি শোনার অপেক্ষাতেই আছি আপাতত।"
কিন্তু সুসংবাদের পরিবর্তে দুঃসংবাদই এলো 'নিউ ইয়র্ক' খ্যাত এই তারকার জন্য। এইচবিওর বরাত দিয়ে ওয়াচার্স অফ দ্য ওয়াল নামে সিরিজটির ভক্তদের সংঘের তরফ থেকে জানানো হয়, নিল নিতিন মুকেশকে দেখা যাবে না সিরিজটির ষষ্ঠ সিজনে। এমনকি, তাকে নাকি কখনোই কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়নি।
সংঘটির মতে, ষষ্ঠ সিজনে সিরিজটির কলাকুশলীর সংখ্যা অনেক এবং শুটিংও প্রায় শেষের পথে। এ পর্যায়ে নতুন কারো অন্তর্ভুক্তি তাদের পক্ষে সম্ভব নয়।
