২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টারান্টিনোর সিনেমা বর্জনের ডাক

অস্কারজয়ী মার্কিন নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর ওপর চটেছে লস এঞ্জেলেস এবং নিউ ইয়র্কের পুলিশরা। পুলিশদের 'খুনি' বলায় এই নির্মাতার চলচ্চিত্র বর্জন করার আহ্বান জানিয়েছে তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 06:08 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

গত সপ্তাহে নিউ ইয়র্কে পুলিশি বর্বরতার বিরুদ্ধে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে কয়েক জন পুলিশকে 'খুনি' বলে অভিহীত করেন টারান্টিনো।

লস এঞ্জেলস পুলিশ প্রটেকটিভ লিগের সভাপতি ক্রেইগ ল্যালি লস এঞ্জেলস টাইমসকে বলেন, "পুলিশ কর্মকর্তাদের বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের আরো ঘৃণার পাত্রে পরিণত করার কোনো প্রয়োজন ছিল না। টারান্টিনো তার দায়িত্বজ্ঞানহীনতাকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছেন আমাদেরকে খুনি আখ্যা দিয়ে।"

পেট্রোলমেনস বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক লিঞ্চ এএফপিকে বলেন, "যিনি অপরাধ আর সহিংসতাকে মহিমান্বিত করে জীবিকা নির্বাহ করেন, তিনি পুলিশকে ঘৃণা করবেন, সেটাই স্বাভাবিক।"

তিনি আরো বলেন, “যে পুলিশ কর্মকর্তাদের তিনি খুনি হিসেবে দাবী করেছেন, তারা টারান্টিনোর বড় পর্দার ভিত্তিহীন কল্পনার জগতের অংশ নন। অপরাধ এবং হত্যাযজ্ঞ ঠেকাতে তারা প্রতিনিয়ত নিজের জীবন বাজি রেখে কাজ করছেন, এভাবে আমরা হারিয়েছি অসংখ্য সহকর্মীকে।”

‘রিজারভয়ার ডগস’ সিনেমাটি দিয়ে ক্যারিয়ার শুরু করা টারান্টিনো ১৯৯৪ নির্মিত ‘পালপ ফিকশন’ সিনেমার মাধ্যমে সাফল্যের শীর্ষে উঠে আসেন। অতিরিক্ত সহিংসতা প্রদর্শন করায় তার সিনেমাগুলো প্রায়ই বিতর্কের মুখে পড়ে।

এদিকে নিজের বক্তব্য থেকে পিছু হটতে রাজি নন টারান্টিনো। তিনি বলেন, "এই ঘটনাগুলোর বিচার কখনো হয় না। এজন্যই আমরা প্রতিবাদে নেমেছি। এটা যদি সমাধানের ব্যবস্থা করা হতো, তাহলে এই খুনে পুলিশ কর্মকর্তারা জেলে থাকতো; অন্তত তাদের কাঠগড়ায় দাঁড়াতে হতো।"

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের একটি জরিপ অনুযায়ী এ বছর পুলিশের হাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন অন্তত ৯৩০ জন মানুষ, যার মধ্যে ৪৩৬ জন শ্বেতাঙ্গ, ২২৬ জন কৃষ্ণাঙ্গ এবং ১৪৩ জন লাতিনো।