২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’ 

সত্যিই ফিরছে ‘হ্যারি পটার’। সম্পূর্ণ নতুন এক গল্পের ওপর ভিত্তি করে পরবর্তী গ্রীষ্মে লন্ডনের প্যারিস থিয়েটারে মঞ্চস্থ হবে নাটক ‘হ্যারি পটার অ্যান্ড কার্সড চাইল্ড’। তবে এবার হ্যারি নয়, কাহিনির কেন্দ্রে আছে হ্যারির ছোট ছেলে অ্যালবাস সেভেরাস পটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 03:36 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

ঔপন্যাসিক জে.কে. রাওলিং-এর ‘হ্যারি পটার’ সিরিজের সপ্তম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হ্যালোজ’ এর পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে এগিয়েছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’-এর গল্পটি। হ্যারির সাথে ডার্ক লর্ড ভল্ডেমর্টের মুখোমুখি হবার ১৯ বছর পর শুরু হয় নতুন গল্পটি।

তিন সন্তান নিয়ে মিনিস্ট্রি অফ ম্যাজিকের একজন কর্মব্যাস্ত কর্মকর্তা হ্যারি পটার নাটকটিতে মুখোমুখি হয় অতীত থেকে উঠে আসা অনাকাঙ্খিত এক সত্যের। আর এদিকে পারিবারিক যশের ভার অ্যালবাসের ঘাড়ে পড়ায় সেটা সামাল দিতে শুরু হয় তার চেষ্টা।

নাটকটি ভাগ করা হয়েছে দুটি অংশে। তবে দুটি অংশের মঞ্চায়ন একই দিনে হবে না টানা দুদিনে - এনিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ‘হ্যারি পটার’ ভক্তরা নাটকটির টিকিট কেনা শুরু করতে পারবেন অক্টোবরের ৩০ তারিখ থেকেই।

নতুন গল্পটি রাওলিং একা লেখেননি। তাকে সহায়তা করেছেন চিত্রনাট্যকার জ্যাক থর্ন এবং আর মঞ্চের নির্মাতা জন টিফানি।

নতুন এই গল্পটি নিয়ে রাওলিং বলেন, “নতুন গল্পটির অবতারণা সম্ভব হয়েছে কিছু অসাধারণ মানুষের জন্য, যারা হ্যারি পটারকে মঞ্চে উপস্থাপন করার উপযোগী ধারণা দিয়েছেন। আমি আশাবাদী যে, যখন দর্শক ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’ মঞ্চে দেখবেন, তারা উপলব্ধি করতে পারবেন কেন আমরা হ্যারি পটারকে এভাবে উপস্থাপন করতে চেয়েছি।”

সম্প্রতি প্রকাশিত হয়েছে নাটকটির জন্য নির্মিত প্রচ্ছদ ছবি, যা দেখে রাওলিং টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন, “এবং আসলেই এটা আমি পছন্দ করেছি।”

লন্ডনের ওয়েস্ট এন্ড ডিস্ট্রিক্টের প্যালেস থিয়েটারে ২০১৬ সালের ৩০ জুলাই মঞ্চস্থ হবে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’ নাটকটি।

রাওলিং এর লেখা ‘হ্যারি পটার’ সিরিজের সাতটি বই পৃথিবীজুড়ে বিক্রি হয়েছে প্রায় ৪৫ কোটি কপি, অনুদিত হয়েছে মোট ৭৮টি ভাষায়। আর ‘হ্যারি পটার’ সিরিজের আটটি সিনেমা বক্স-অফিসে আয় করেছে প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার।