২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আদিত্য রানীকে অতিরিক্ত ভালোবাসে'

আদিত্য চোপড়া এবং রানী মুখার্জির সংসারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে চোপড়া পরিবারের উত্তরাধিকার ও পুত্রবধূ রানীকে নিয়ে খোলামেলা আলাপ করলেন নির্মাতা ইয়াশ চোপড়ার স্ত্রী পামেলা। জানালেন রানীকে ভীষণ ভালোবাসেন তার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 02:36 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

ডিএনএ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে পামেলা বলেন, দাদী হবার সাধ তার বহুদিনের। অবশেষে যখন এই ইচ্ছা পূরণ হয়েছে, আনন্দ ধরে রাখতে পারছেন না তিনি।

যখন আদি (আদিত্য) আর রানির বিয়ে হল, আমি জানতাম তারা বাচ্চা নেয়ার জন্য তৈরি। কিন্তু সুখবর আসছিল না। অবশেষে একদিন আদি আমাকে জানালো রানি সন্তানসম্ভবা। সেদিন আমি খুশিতে প্রায় চিৎকার করে উঠেছিলাম।"

তবে নাতি বা নাতনি আদর দিয়ে বাঁদর বানানোর সুযোগ হয়তো ঘটবে না তার। 

"আদি আর রানী আমার বাড়িতে থাকে না। আমি এমনিতেও রানীকেই সবকিছু করতে দেবো। আজকাল মেয়েদের নিজস্ব চিন্তাধারা আছে এবং তারা চায় না অন্যরা তাদের ব্যাপারে নাক গলাক। তবে রানীর যখন কোনো পরামর্শ বা কোনো কিছুর দরকার হয় ও আমাকে কল করে।"

পুত্রবধূর সঙ্গে সম্পর্ক দারুণ হলেও, প্রথম যখন আদিত্য রানীকে বিয়ের ইচ্ছার কথা জানান তখন অবাক হয়েছিলেন পামেলা। 

"যখন আদি আমাকে জানালো, সে তাকে (রানী) বিয়ে করতে চায়, সত্যি বলতে আমি অবাক হয়েছিলাম। ও খুব নিভৃতচারী আর আমার প্রথম চিন্তা ছিল ও কিভাবে একজন অভিনেত্রীকে বিয়ে করবে কারণ তারকারা সব সময় আলোচনায় থাকে। কিন্তু ও তাকে অতিরিক্ত ভালোবাসে। রানী তাকে খুব খুশি রাখে আর মা হিসেবে আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ।"

২০১৪ সালের এপ্রিলে ইতালিতে গোপনে গাঁটছড়া বাঁধেন রানি-আদিত্য। চলতি বছরের মাঝামাঝি সময়ে রানির গর্ভ ধারণের খবর জানায় তার পরিবার। আগামী বছরের জানুয়ারিতে সন্তান প্রসব করবেন রানি।