হুমায়ূনের ‘কৃষ্ণপক্ষ’-এর নায়িকা মাহি
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস 'কৃষ্ণপক্ষ' অবলম্বনে নিজের প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করতে চলেছেন মেহের আফরোজ শাওন। আর সেই চলচ্চিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা মাহিয়া মাহি।
এতদিন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমাতেই অভিনয় করা মাহি ‘কৃষ্ণপক্ষ’-এর মাধ্যমে ইমপ্রেস টেলিফিল্মসের সঙ্গে যুক্ত হলেন।
শাওন জানান, হুমায়ূন আহমেদের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে ‘কৃষ্ণপক্ষ’। ইমপ্রেসের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন তিনি। আগামী এক মাসের মধ্যেই চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করছেন শাওন।
‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, “হুমায়ূন আহমেদের অনেক গল্প পড়েছি। আর সেসব গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনা করেছি। তবে কখনো ভাবিনি তার চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ আসবে। অবশেষে সুযোগ পেলাম। স্বপ্ন পূরণ হল। বিষয়টা ভাবতেই অনেক ভালো লাগছে।”
কথা বললেন নির্মাতা মেহের আফরোজ শাওন সম্পর্কেও।
‘‘শাওন আপু অনেক গুণী একজন শিল্পী। একজন গুণী নির্মাতাও। তার সাথে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আশা রাখি ভালো কিছুই হবে।’’
সিনেমায় মাহির সহ-শিল্পী হিসেবে থাকছেন নায়ক রিয়াজ, তার সম্পর্কে বললেন, “রিয়াজ ভাইয়ার অভিনয় দেখে বড় হয়েছি। কখনো কল্পনাও করিনি তার বিপরীতে অভিনয় করবো। সুযোগটা শাওন আপু এনে দিলেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা।”
এত বছর পর আবার হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, “হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে কাজ করতে পারাটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যক্রমে তার সাথে আমার কাজ করা হয়েছে। গুণী নির্মাতা তিনি। কাজের প্রতি তার ছিল আলাদা রকমের যত্ন। যেটা আমাকে খুব অনুপ্রাণিত করে, নিজের ভাল অভিনয়টা ভেতর থেকে বের করে আনতে। তার মৃত্যুর পর তার জনপ্রিয় উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তারই পত্নী, অভিনেত্রী শাওন। বিষয়টা নিঃসন্দেহে অনেক আনন্দের। আর ভাল লাগার এই কারণে যে, আমাকে চলচ্চিত্রটিতে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে”।
আসছে ১৩ নভেম্বর কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়।
ছবি: মেহের আফরোজ শাওনের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে।
