২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ হলো ভারতের ধর্মীয় গুরুর সিনেমা ‘এমএসজি টু’

আদিবাসীদের মর্যাদা হানির অভিযোগে ভারতের দুই রাজ্য ঝাড়খন্ড এবং ছত্তিসগড়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ধর্মীয় গুরু রাম রহিম গুরমিত সিং-এর  দ্বিতীয় সিনেমা ‘এমএসজি টু’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 01:32 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

মুক্তির একদিন পরেই ঝাড়খন্ডে নিষিদ্ধ করা হয় সিনেমাটিকে। প্রদেশটির মূখ্যমন্ত্রী রাঘুবার দাস এক বিবৃতিতে বলেন, “সমাজের যে কোন স্তরের যে কোন আদিবাসীর অনুভূতি নিয়ে খেলা করাটা সহ্য করা হবে না। এরকম একটি বিতর্কিত সিনেমার প্রদর্শনের অনুমতি এই রাজ্যে দেওয়া হবে না।”

ঝাড়খন্ডে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণার পরপরই ছত্তিসগড়েও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তার জনসংযোগ বিভাগের প্রধান স্বরাজ দাস বলেন, “মুখ্যমন্ত্রী রামান সিং বলেছেন আদিবাসীদের অপমান কোনো ভাবেই সহ্য করা হবেনা। আদিবাসীদের সম্মান রক্ষার্থে আমরা বাবা রাম রহিমের সিনেমা ‘এমএসজি টু’র প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করছি।”

ধর্মীয় সংগঠন দারা সাচা সৌদার প্রধান গুরু রাম রহিম গুরমিত সিং তার প্রথম সিনেমা ‘এমএসজি: দ্য মেসেঞ্জার অফ গড’ তৈরি করে বিতর্কের মুখে পড়েছিলেন। দুই সিনেমাতেই গুরমিত সিং নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী ঈশ্বরের বার্তাবাহক হিসেবে তুলে ধরেছেন।

২৫ বছর ধরে ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করে আসা গুরমিত সিং-এর অনুসারীরর সংখ্যা আনুমানিক চার থেকে পাঁচ কোটি। বিভিন্ন সময়ে খুন, ধর্ষণ এবং পুরুষদের জোরপূর্বক যৌনাঙ্গ কর্তনের অভিযোগে শিরোনামে এসছেন তিনি।