'পারিশ্রমিক বৈষম্য ফালতু বিষয়'
বলিউডে নায়ক-নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে যখন আওয়াজ তুলছেন কাঙ্গানা রানাওয়াত, বিদ্যা বালান, দিপিকা পাড়ুকোনের মতো তারকারা, তখন সালমান খানের গলায় শোনা গেল ভিন্ন সুর। তার মতে, পারিশ্রমিক বৈষম্যের বিষয়টাই ভিত্তিহীন।
হিন্দুস্তান টাইমসকে সালমান বলেন, পারিশ্রমিক নিয়ে আলোচনা 'ফালতু' বিষয় ছাড়া আর কিছুই নয়।
"প্রশ্ন হল, সিনেমাহলে দর্শক টানছে কে? যদি একজন নায়িকা এত দর্শক ধরে রাখতে পারেন, তার মাধ্যমে যদি প্রযোজক লাভ করতে পারে, পরিবেশক ও হল মালিক সবাই যদি লাভবান হয়, তাহলে অবশ্যই একজন নায়িকা সে রকম পারিশ্রমিক পাবেন। আর যদি এই কাজগুলো একজন নায়ককে দিয়ে হয়, তাহলে পারিশ্রমিক পাবেন নায়ক।"
সালমান আরও জানান, এমন অনেক পুরুষ তারকা আছেন যারা নারী তারকাদের চেয়ে অনেক কম পারিশ্রমিক পাচ্ছেন। কারণ তাদের বক্স-অফিসে সে রকম চাহিদা নেই। তার মতে, সব কিছুই নির্ভর করছে বক্স অফিসের চাহিদার উপর।
সালমান বলেন, "আগের মত অনুমান করে এখন আর কোনো তারকার দাম ধরা হয় না। এখন তারকাদের বাজার মূল্য হিসাব করার জন্য বাণিজ্য বিশ্লেষকরা আছেন, ব্যবসা এখন অনেক স্বচ্ছ হয়ে উঠেছে। কাজেই বিনিয়োগের উপর এখন যে যতখানি লাভ উঠিয়ে আনবে, তাকে ততোটাই পারিশ্রমিক দেয়া হবে। সহজ হিসাব।"
