২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাপ্পা যখন অধ্যাপক

গানের মানুষ বাপ্পা মজুমদার এবার হবেন অধ্যাপক। শিক্ষার্থীদের পাঠ দান করবেন ছোট পর্দায়। ইমরাউল রাফাতের ধারাবাহিক নাটক ‘মিস্টার ফোর টোয়েন্টি’-তে দেখা যাবে তাকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 04:33 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

ঈদের এই ধারাবাহিকে তার অভিনীত চরিত্রটির ব্যপ্তি কম হলেও তা নাটকের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে জানালেন বাপ্পা। এ নিয়ে তৃতীয়বারের মতো নাটকে অভিনয় করতে দেখা যাবে তাকে।

অভিনয়কে ‘বড্ড ভয়’ পাওয়া বাপ্পা বললেন, “অভিনয়টা অনেক কঠিন ব্যাপার। এটা শিখতে হয়, ধারণ করতে হয়। যে কেউ চাইলেই অভিনয় করতে পারে না। আমি অভিনয়ের মানুষ নই, কিন্তু ভালো লাগার মানুষদের অনুরোধ তো ফেলতে পারি না।”

তবে অভিনয়ে নিয়মিত হওয়ার কোনো ইচ্ছাই নাকি নেই তার।

‘মিস্টার ফোর টোয়েন্টি’ নাটকটি নিয়ে বাপ্পা বললেন, “যতটুকু অভিনয় করেছি, মনে হয় পাশ করে যাবো। এখন বাকিটা নির্ভর করছে বিচারকের আসনে বসে থাকা দর্শকদের উপর।”

বাপ্পা গ্লিটজকে জানালেন, প্রথম অভিনয় করেছিলেন এক যুগ আগে। আশরাফুল আলম রিপনের সেই নাটকের নাম এখন মনে নেই। তারপর তাকে দেখা গিয়েছিলো তারিক মুহাম্মদ হাসানের 'মিডনাইট ব্ল্যাক কফি' নাটকে।

জানালেন, পূজায় আসছে তার অ্যালবাম ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’। ঈদ উপলক্ষে বেশ কয়েকটি মিক্সড অ্যালবামের কাজও তিনি করেছেন।

এদিকে অনেকদিন ধরেই লাপাত্তা দলছুট। কবে নাগাদ আবার দেখা মিলবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আর খুব বেশি অপেক্ষা নয়। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ডিসেম্বরেই দলছুট আবার জেগে উঠবে, গাইবে।”

ধারাবাহিক ‘মিস্টার ফোর টোয়েন্টি’ বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে প্রচারিত হবে।