২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে জাজ মাল্টিমিডিয়া-ইন্ডিয়া!

নিয়মিতভাবে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে থাকা বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রসার ঘটতে চলেছে ভারতের বাজারেও। জাজ মাল্টিমিডিয়া-ইন্ডিয়া আসছে খুব শিগগিরই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 01:01 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ গ্লিটজকে বললেন, “আমাদের কার্যক্রম আমরা ভারতে আরও ত্বরান্বিত করতে চাই।  জাজ মাল্টিমিডিয়া-ইন্ডিয়া এখনও যাত্রা শুরু করেনি। কিছু দিনের মধ্যেই আমরা এর আনুষ্ঠানিক ঘোষণা দেবো। এখন থেকে ভারতে আমাদের সব কার্যক্রম পরিচালনা করবে নতুন প্রতিষ্ঠানটি।”

তিনি এও জানালেন, “আমরা এখন থেকে যৌথ প্রযোজনার সিনেমাও জাজ মাল্টিমিডিয়া-ইন্ডিয়া থেকেই নির্মাণ করবো।”

‘রোমিও ভার্সেস জুলিয়েট’, ‘অগ্নি-২’  সিনেমা দুটি জাজ যৌথভাবে প্রযোজনা করেছিলো টালিগঞ্জের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে।  ঈদ-উল-আযহায় মুক্তি পেতে যাওয়া ‘আশিকি’ এবং নতুন নায়িকা জলি ও টালিগঞ্জের নায়ক ওম অভিনীত ‘অঙ্গার’ও একই প্রতিষ্ঠানের ব্যানারে যৌথভাবে নির্মিত হচ্ছে।

এসকে মুভিজের সঙ্গে জাজের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে খোলাখুলি কথা না বললেও আজিজ বলেন, “আমরা চিন্তা করছি। তাদের সঙ্গে ছবি করবো কি করবো না, তা এখনই বলার সময় আসেনি।”

আজিজ জানিয়েছেন,  জাজের ভারতীয় শাখার প্রধান হিসেবে তিনিই থাকবেন। ইতোমধ্যে নতুন কার্যকরী কমিটিও তিনি ঠিক করে ফেলেছেন। ভারতের সব কার্যক্রম বাংলাদেশের মূল জাজই নিয়ন্ত্রিত হবে। ভারতের কাজ তদারকি করতে নিয়োগ দেওয়া হবে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা।

২০১৩ সালের জানুয়ারিতে জাজ মাল্টিমিডিয়া টালিগঞ্জ তারকা প্রসেনজিৎ-এর ‘প্রসেনজিৎ ফিল্মস’ এর সঙ্গেও চারটি সিনেমা নির্মাণে চুক্তিবদ্ধ হয়। কথা ছিল, ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ খ্যাত নির্মাতা গৌতম ঘোষ জাজের ব্যানারে একটি সিনেমা নির্মাণ করবেন। কিন্তু সেই প্রকল্পটি থমকে গেছে।  এর পরের বছর টালিগঞ্জের বাণিজ্যিক সিনেমা নির্মাতা এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকার সঙ্গে চুক্তি হয় জাজের।