২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপমকে চেনেন না অভিজিৎ?

টালিগঞ্জের সিনেমার গানে সুর দিয়ে, গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন ভালই, সম্প্রতি বলিউডি সিনেমায় সংগীত পরিচালনাতেও অভিষেক ঘটেছে অনুপম রায়ের। কিন্তু বাঙালি কণ্ঠশিল্পী অভিজিৎ ভট্টাচার্য বলছেন, অনুপমকে তিনি চেনেন না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 04:32 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজারকে অভিজিৎ বলেন, “আমি অনুপম রায় বলে কাউকে জানি না। সে কে? আমি জানি শান আর সোনু নিগমের নাম। ওদের পরে আমি আর কারও গান শুনিনি। গান শোনা বন্ধ করে দিয়েছি।”

“সব গায়কই আজকাল পিচ কারেকশানের সফ্টওয়্যার ব্যবহার করছে। এই সব গায়ককে আমি গায়ক বলে মনেই করি না।”

বিতর্কিত মন্তব্য করার জন্য বরাবরই আলোচনায় আসেন এই গায়ক। সাম্প্রতিক সময়ে সালমান খানের কারাদণ্ডের আদেশ এবং মুম্বাই হামলার অপরাধী ইয়াকুব মেমনের বিচার নিয়ে টুইট করে বিপাকে পড়েছিলেন। তারপরও তার কথার ধার কমেনি। 

অভিজিৎ বলেন, “দেখুন আমি নিজেকে সব সময় একজন অতি সাধারণ নাগরিক মনে করি। গায়ক হিসেবে হয়তো আমি সুপরিচিত, কিন্তু লোকে যখন আমার অটোগ্রাফ নেয় বা আমার সঙ্গে ছবি তোলে সত্যি কথা বলতে কী অদ্ভূত লাগে। কাউকে কিছু বলার হলে মুখের ওপর বলে দিই। তাতে যদি আমাকে কেউ কটুভাষী মনে করেন আমার কিছু করার নেই।”

অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সমালোচনা করতেও ছাড়লেন না অভিজিৎ। বললেন, তার কাছে সংগীত মানেই চিরস্থায়ী জায়গা করে নেওয়ার মতো বিষয়, যা সিনেমার চেয়েও কার্যকর এবং এর উপযুক্ত স্রষ্টা হলেন আর ডি বর্মন, মোহম্মদ রফি, কিশোর কুমার প্রমুখ।

কানপুর থেকে মুম্বাইয়ে চার্টাড অ্যাকাউন্টেন্সি পড়তে এলেও,  ১৯৮১ সাল থেকে প্লেব্যাক গায়ক হওয়ার সংগ্রাম শুরু করেন অভিজিৎ। অভিজিতের স্বপ্ন সফল হয় ১৯৮৪ সালে, যখন আর ডি বর্মন তাকে দেব আনন্দের সিনেমার জন্য কিশোর কুমারের সঙ্গে প্লেব্যাকের সুযোগ দেন। সিনেমাটি সাফল্য না পাওয়ায় অভিজিতের ক্যারিয়ার খুব একটা এগোয়নি। তিনি আবার জেগে ওঠেন ১৯৯০ সালে ‘খতরনাক’ সিনেমার মাধ্যমে, একই বছর মুক্তি পাওয়া ‘বাঘি’ সিনেমা তাকে বলিউডে জায়গা করে দেয়।