সোফিয়া-কেলির টক্কর
টেলিভিশন অভিনেত্রীদের মধ্যে এ বছর শীর্ষ উপার্জনকারীদের তালিকায় ‘মডার্ন ফ্যামিলি’র সোফিয়া ভারগারার সঙ্গে নাম জুড়েছে ‘বিগ ব্যাং থিওরি’র কেলি কোকোর। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোবর্স।
গত চার বছর ধরে একচেটিয়াভাবে শীর্ষস্থানটি দখলে রেখেছিলেন কলাম্বিয়ান-আমেরিকান অভিনেত্রী সোফিয়া ভারগারা। কমেডি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’তে ২০০৯ সাল থেকে অভিনয় করছেন তিনি।
৪৩ বছর বয়সী ভারগারাকে প্রথমবারের মত টক্কর দিতে পেরেছেন ২৯ বছর বয়সী কেলি কোকো। ভারতীয় গণমাধ্যম ডিএনএ বলছে, ২০১৪ সালে দুজনেরই আয় হয়েছে ২ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার।
শোনা যাচ্ছে, সম্প্রতি নিজেদের পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন ‘বিগ ব্যাং থিওরি’র কলাকুশলীরা, প্রতি পর্বে অভিনয়ের জন্য ১০ লাখ ডলার করে নিচ্ছেন কোকো।
ফোবর্সের তালিকায় দ্বিতীয় স্থানেই আছেন, ‘মডার্ন ফ্যামিলি’র অন্যতম অভিনেত্রী জুলি বোয়েন। তৃতীয় স্থানে আছেন ‘গ্রেস অ্যানাটমি’ খ্যাত অভিনেত্রী অ্যালেন পম্পিও, আর পঞ্চম অবস্থানে ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিমস ইউনিট’ খ্যাত মারিশ্কা হারগিটে।
