সানিবিরোধী বক্তব্য: প্রচার পাওয়ার চেষ্টা?
পর্নগ্রাফির দুনিয়া থেকে হিন্দি সিনেজগৎ - ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনির ভারতে আগমনের শুরু থেকেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। সানির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ থেকে শুরু করে তার কারণে ভারতে ধর্ষণের ঘটনা বাড়ছে - এমন বক্তব্য নিয়মিতই আসছে ভারতীয় গণমাধ্যমে। সম্প্রতি একদল রাজনীতিবিদ সানি লিওনিকে ভারতছাড়া করার আন্দোলনেও নেমেছেন। প্রশ্ন উঠছে, সানি লিওনির বিুরুদ্ধে কথা বলে কিছু লোক আলোচনায় আসতে চাইছে কি না।
ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে মনে করছে, সানি লিওনির বিরুদ্ধে কথা বলাটা মূলত তার খ্যাতিকে কাজে লাগিয়ে প্রচারের আলোয় আসার এক কৌশল হয়ে দাড়িয়েছে।
কম্যুনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নেতা অতুল কুমার অঞ্জন কিছু দিন আগে বলে বসেন, সানি লিওনি অভিনীত কনডমের বিজ্ঞাপন ধর্ষণ উস্কে দিচ্ছে। এমন অভিযোগ প্রসঙ্গে ইন্ডিয়া টুডে বলছে, “সানি লিওনির নাম ব্যবহার করে খ্যাতি পাওয়ার দলের সর্বশেষ সংযোজন হলেন অতুল অঞ্জন। সত্যি বলতে কি, সানি লিওনিকে নিয়ে কথা বলার আগে, খুব কম মানুষই জনাব অতুলকে চিনতেন।”
“অতুল অঞ্জনের প্রচারের আলো চাই। সারা দেশের মানুষ তাকে এখন চেনে। সব কিছুর শেষে, খারাপ প্রচারই আসলে সবচেয়ে ভাল প্রচার।”
সানি লিওনিকে ভারত ছাড়া করার জন্য আন্দোলনরতদের ইন্ডিয়া টুডে অভিহিত করেছে ‘একদল মধ্য বয়সী সং’ হিসেবে। চল্লিশের দশকে মহাত্মা গান্ধীর ইংরেজদের বিরুদ্ধে চালানো মহান ‘ভারত ছাড়’ আন্দোলনকে যারা স্রেফ অপমান করছে এই নাম গ্রহণের মাধ্যমে।
“মহাত্মা গান্ধী নিশ্চয়ই স্বস্ত্বির নিঃশ্বাস ফেলছেন যে, এই সংদের কাণ্ডকারখানা দেখার অনেক আগেই তিনি পরলোক গমন করেছেন।”
সানি লিওনিকে ভারত থেকে তাড়াতে চাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে দৈনিকটি।
“ ভারত ছাড়, সানি লিওনি? এর বদলে আপনাদের মধ্যযুগীয় সংকীর্ণ মানসিকতা ছাড়লে কেমন হয়? একজন মানুষ দেশ ছাড়লেই যে এদেশের সমস্ত আবর্জনা দূর হয়ে যাবে না, এটা বুঝতে পারেলে কেমন হয়? কেমন হয়, যদি আন্দোলনের আরামদায়ক চেয়ার থেকে আপনাদের পশ্চাদ্দেশটি উঠিয়ে সত্যি সত্যি ভারতের জন্য কিছু করলে?”
২০১১ সালে রিযালিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে হিন্দি সিনে জগতের সঙ্গে পরিচিত হন সানি লিওনি। ২০১২ সালে পুজা ভাটের প্রযোজনায় ‘জিসম টু’ সিনেমার মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখেন তিনি। সিনেমাটি তখন ভাল ব্যবসা না করলেও সানি রাতারাতি বিখ্যাত হয়ে যান ভারতীয় গণমাধ্যমে। চলতি বছর তার অভিনীত ‘রাগিনি এমএমএস টু’ এবং ‘এক পাহেলি লিলা’ বক্স-অফিসে হিট হয়েছে।
২০১২ সাল থেকেই সাবেক এই পর্ন তারকা বারবার আক্রমণের শিকার হয়েছেন। সাধারণ গৃহবধু থেকে শুরু করে উগ্রবাদী ধর্মীয় সংগঠন, রাজনীতিবিদ এমনকী তারকারা পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলেছেন। তবে সানি কখনোই পর্নগ্রাফিতে নিজের ক্যারিয়ার নিয়ে লুকোছাপা করেননি এবং সমালোচনাকারীদের নিয়ে তার মাথাব্যাথা নেই বলেও স্পষ্ট ভাষায় জানিয়েছেন।
