২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স-অফিসে শীর্ষে 'স্ট্রেইট আউটা কম্পটন'

চলতি সপ্তাহেও মুক্তি পায়নি বড় বাজেটের কোনো সিনেমা। তাই দ্বিতীয় সপ্তাহেও মার্কিন বক্স-অফিসে শীর্ষে অবস্থান করছে হিপ হপ ব্যান্ড এন ডব্লিউ এর উপর নির্মিত সিনেমা 'স্ট্রেইট আউট অফ কম্পটন'।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 06:11 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

২১ অগাস্ট আয়ের ঝুলিতে আরও ৮০ লাখ ডলার যোগ করেছে এই সিনেমাটি। এক সপ্তাহ আগে মুক্তি পাওয়া এই সিনেমাটির মোট আয় হয়েছে এখন পর্যন্ত ২ কোটি ৮০ লাখ ডলার।

ভ্যারাইটি ম্যাগাজিন বলছে, 'স্ট্রেইট আউটা কম্পটন'কে নড়াতে পারেনি শুক্রবার মুক্তি পাওয়া আরও তিনটি সিনেমা - 'সিনিস্টার টু', 'আমেরিকান আলট্রা' এবং 'হিটম্যান: এজেন্ট ফরটি সেভেন'।

এফ গেরি গেরি পরিচালিত 'স্ট্রেইট আউটা কম্পটন' মুক্তি পেয়েছে ৩ হাজার ২৫টি প্রেক্ষাগৃহে। বিশ্লেষকরা আশা করছেন আগামী সপ্তাহান্তেই ১০ কোটি ডলার ছাড়াবে আড়াই লাখ ডলার বাজেটে নির্মিত সিনেমাটির আয়।

এ সপ্তাহে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে মুক্তির চতুর্থ সপ্তাহে পা দেয়া টম ক্রুজের 'মিশন ইম্পসিবল রৌগ নেইশন'। ৩ হাজার ৩৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটির আয় এ সপ্তাহেও এক কোটি ডলার ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

তৃতীয় অবস্থানে আছে ভৌতিক সিনেমা 'সিনিস্টার টু'। শুক্রবার ৫০ লাখ ডলার আয় করেছে সিনেমাটি।  ১ কোটি ডলার বাজেটে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন শ্যানিন সোসামন এবং জেমস র‍্যানসম।

ফক্স স্টুডিওর সিনেমা 'হিটম্যান: এজেন্ট ফরটি সেভেন' আছে চতুর্থ অবস্থানে। মুক্তির প্রথম দিন শুক্রবার ৩০ লাখ ডলার আয় করে সপ্তাহ শেষে ৮০ লাখ ডলার আয়ের আশা করছে সিনেমাটি। ৩ কোটি ৫০ লাখ ডলার বাজেটের এই সিনেমাতে প্রধান চরিত্রে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা রুপার্ট ফ্রেন্ডকে। ধারণা করা হচ্ছে, ২০০৭ সালে মুক্তি পাওয়া 'হিটম্যান'-এর মতোই দর্শকের সমাদর পাবে এটি।

পঞ্চম অবস্থানে আছে ১৯৬০ সালের 'দ্য ম্যান ফ্রম ইউ এন সি এল ই'র রিমেইক। মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির মোট আয় হয়েছে ৭০ লাখ ডলার।

গণমাধ্যমে বেশ চর্চিত হলেও সেরা পাঁচে জায়গা করে নিতে পারেনি ক্রিস্টেন স্টুয়ার্টের কমেডি 'আমেরিকান আলট্রা'। শুক্রবার ২০ লাখ ডলার আয় করেছে সিনেমাটি।