এবার যৌথ প্রযোজনার সিনেমায় ববি
মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিমের পর এবার ববি হকও নাম লেখালেন যৌথ প্রযোজনার সিনেমাতে। তবে ভারতীয় প্রযোজক নয়, তিনি কাজ করবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের প্রযোজকদের সঙ্গে।
সিনেমার নাম ‘মাল্টা’। ইউরোপের সমুদ্র ঘেরা ছোট্ট দ্বীপরাষ্ট্র মাল্টায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে লেখা হয়েছে সিনেমাটির কাহিনি, লিখেছেন ইফতেখার চৌধুরী। ইফতেখার ও ববি সেখানেই অবস্থান করছেন এখন।
সম্প্রতি ‘রাজাবাবু’ সিনেমার সেটে গ্লিটজের সঙ্গে আলাপে ববি বলছিলেন, তিনি এমন একটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে চলেছেন, যা ‘সত্যিই অন্যরকম কিছু হতে চলেছে’।
শনিবার রাতে মাল্টা থেকেই গ্লিটজের সঙ্গে যোগাযোগ করলেন ববি।
“বলেছিলাম, চমক দেব। এবার চমকটি দিয়ে দিলাম। আমাদের সিনেমাটি প্রযোজনা করছে ইংল্যান্ড, আমেরিকার ট্রাইটন ফিল্ম প্রডাকশনস ও কেবি পিকচার্স। সবকিছু চূড়ান্ত হলে খুব শীঘ্রই আমরা যৌথ প্রযোজনার সিনেমাটির কাজ শুরু করব।”
পরিচালক ইফতেখার চৌধুরী তার ফেইসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “আমি আর ববি একটি ইন্টারন্যাশনাল প্রজেক্টে সাইন করলাম, যার নাম সম্ভবত মাল্টা। সিনেমাটি প্রযোজনা করবেন ট্রাইটন ফিল্মসের জন ডেবুনু, তিনি হলিউডের ‘ট্রয়’, ‘মিউনিখ’, ‘থার্টিন আওয়ার্স’- এর মতো সিনেমাগুলো প্রযোজনা করেছেন। তাদের সঙ্গে যোগ দিচ্ছে ইংল্যান্ডের কেবি পিকচার্স, বলিউডের সিনেমাগুলোও যারা প্রযোজনা করছে। আশা করছি, আপনাদের সহযোগিতায় বাংলা চলচ্চিত্র অদূর ভবিষ্যতে আরও আলো ছড়াবে।”
‘অগ্নি’ সিরিজের পরিচালক ইফতেখার, মোশাররফ করিম ও রিয়া সেনকে নিয়ে ‘মোটকা’ নামে একটি সিনেমা নির্মাণ করবেন বলে শোনা গেলেও সেটি আর আলোর মুখ দেখেনি। তিনি এখন তাই ‘মাল্টা’ নিয়েই ভাবছেন।
ইফতেখার জানিয়েছেন, ‘মাল্টা’র কাজ ৮০ ভাগ বাংলা এবং ২০ ভাগ ইংরেজি ও মাল্টার স্থানীয় ভাষায় হবে। পুরো শুটিং হবে মাল্টাতে। ১৫ অক্টোবর থেকে শুরু হবে এর শুটিং।
এদিকে চলতি অগাস্টেই মুক্তি পেয়েছে ববি হকের ‘ব্ল্যাকমেইল’ সিনেমাটি। আসছে ঈদ-উল-আযহায় মুক্তি পেতে যাচ্ছে তার ‘রাজাবাবু’ সিনেমাটি। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।
এছাড়াও বব স্টার নামে নতুন এক প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তিনি ঢাকাই সিনেমা প্রযোজনা করবেন বলেও গ্লিটজকে জানিয়েছেন।
