২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ামি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘সুতপার ঠিকানা’

যুক্তরাষ্ট্রের মায়ামি ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র উৎসবে কাহিনিচিত্র বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা-হার ওন অ্যাড্রেস’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 04:26 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান গ্লিটজকে জানান, মায়ামি উৎসবের কাহিনিচিত্র বিভাগে আরও নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অর্জেন্টিনা, কলাম্বিয়া ও ইন্দোনেশিয়ার ১১টি চলচ্চিত্র। ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

চলতি বছর ৮ মে মুক্তি পাওয়া সিনেমাটি এই প্রথমবারের মতো লড়তে যাচ্ছে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায়। ‘সুতপার ঠিকানার’ বিদেশ সফর নিয়ে এর পরিচালক গ্লিটজকে বলেন, “আমি প্রথমত চেয়েছিলাম সিনেমাটি আমাদের দেশের দর্শকরা দেখুক। বিকল্প ব্যবস্থায় হলেও সিনেমাটি দেখাতে পেরেছি আমি। এবার আমি আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছি। মায়ামি উৎসব খুব বড় উৎসব নয়। কিন্তু এই যাত্রার মাধ্যমে আমরা আন্তর্জাতিক অঙ্গনে ‘সুতপার ঠিকানা’কে তুলে ধরব। বলবো, বাঙালি নারীর আটপৌরে জীবনবৃত্তান্ত।”

প্রসূন জানালেন, এই উৎসবের পর তিনি এশীয় চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাটি পাঠাতে শুরু করবেন।

“আমাদের সিনেমাটির গল্প দক্ষিণ এশীয় নারীদের কেন্দ্র করে নির্মিত। আমাদের দক্ষিণ এশিয়ার নারীদের আমি সিনেমাটি দেখাতে চাই। তাদের গল্পই পৌঁছে দিতে চাই তাদের কাছে। পরিকল্পনা চলছে এই নিয়ে।”

প্রচলিত বাণিজ্যিক ধারার সিনেমা নয় বলে সিনেমাটি হলে প্রদর্শন করতে পারেননি বলে আক্ষেপ ছিল প্রসূনের। তবে বেশ কটি চলচ্চিত্র বিষয়ক সংগঠনের সহযোগিতায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমিতে চলছে ‘সুতপার ঠিকানা’র প্রদর্শনী।

চলতি মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বিশেষ প্রদর্শনী হবে সিনেমাটির।

‘সুতপার ঠিকানা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। সুতপার নিরন্তর ঠিকানা বদলের গল্প নিয়ে নির্মিত এ সিনেমাতে বলা হয়েছে, নারীর আসলে কোনো স্থায়ী ঠিকানা হয় না। ঠিকানা বদলের সঙ্গে নারীর জীবনের গতিপথ বদলে যাওয়ার এক নির্মম চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাতে।