'সালমান বুদ্ধিহীন'
তাকে ডাকা হয় শত কোটির খান, কারণ তার সিনেমা মুক্তি পাওয়া মানেই বক্স-অফিসে শত কোটির ব্যবসা। তার নতুন সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান' সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমা হওয়ার পথে। সেই সালমান খানকেই 'বুদ্ধিহীন' বললেন ভারতীয় রাজনীতিবিদ রাজ থ্যাকারে।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের প্রধান রাজ থ্যাকারের এই মন্তব্য এসেছে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার আসামী ইয়াকুব মেমনের ফাঁসি প্রসঙ্গে সালমানের করা টুইট প্রসঙ্গে। থ্যাকারে বলেন, "সালমান একজন বুদ্ধিহীন ব্যক্তি, যদিও তার বাবা একজন সম্মানিত মানুষ। সে সংবাদপত্র পড়ে না এবং আইন সম্পর্কে কিছু জানে না আর সে কারণেই তার (ইয়াকুব) পক্ষে টুইট করে। আর তারপর মানুষ রাষ্ট্রপতির কাছে ঐ রাষ্ট্রদ্রোহীর জন্য দয়া প্রার্থণা করে চিঠি লেখে। কেউ কিভাবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলতে পারে।"
৩১ জুলাই ফাঁসিতে ঝোলানো হয় ইয়াকুবকে। তার আগে একের পর এক টুইট করে সালমান বলার চেষ্টা করেন টাইগার মেমনের অপরাধের জন্য ইয়াকুবকে শাস্তি দেয়া হচ্ছে, যা ঠিক নয়। পরে সমালোচনার মুখে তিনি তার বক্তব্য ফিরিয়ে নেন এবং টুইটগুলো মুছে দেন।
