'অ্যান্ট-ম্যান': আকার নয়, কাজে পরিচয়
২০০৮ থেকে ২০১৫ - সাত বছরে মুক্তি পেয়েছে ১২টি সিনেমা। দুটি পর্যায়ে ভাগ করা মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের দ্বিতীয় পর্যায়ের ইতি টানা হলো ‘অ্যান্ট-ম্যান’ সিনেমাটির মাধ্যমে। মারভেলের বিশেষত্ব এখানেই, প্রত্যেকটি সিনেমার চরিত্র বিশ্লেষণ এবং প্রেক্ষাপট নির্মাণে অভিনবত্বের পরিচয় দিয়েছে তারা। সেদিক থেকে ব্যতিক্রম নয় নিমেষেই পিঁপড়ার আকৃতি ধারণের ক্ষমতাধারী ‘অ্যান্ট-ম্যান’ ও।
কাহিনি সংক্ষেপ
সমান্তরাল দুটি কাহিনিতে প্রথমে দেখা যায় বেকার স্কট ল্যাংকে, যার রয়েছে চুরির অপরাধে বেশ কয়েকবার জেল খাটার অভিজ্ঞতা। পরিবার ভেঙ্গে গেলেও মেয়ে ক্যাসিকে ভীষণ ভালবাসে সে। কিন্তু তালিকাভুক্ত অপরাধী হওয়ায় তার সাবেক স্ত্রী এবং তার বর্তমান পুলিশ কর্মকর্তা প্রেমিকের তাকে খুব একটা ঘেঁষতে দেয় না মেয়ের কাছে। মানসিকভাবে বিপর্যস্ত এই বেকার ব্যক্তি আরও তিনজন বন্ধুকে নিয়ে ফেরে চুরির পথেই। এদিকে, বহুদিন স্বেচ্ছা নির্বাসনে থাকা বিজ্ঞানী হ্যাঙ্ক পিমের আশঙ্কা, বহুদিন আগে তৈরি করা তার একটি বিশেষ স্যুট নতুন করে বানানোর উপায় বের করে ফেলেছে তারই এক সময়ের শিষ্য ড্যারেন ক্রস। ক্রসের প্রতিষ্ঠান ‘পিম টেকনোলোজি’র হাতে নিরাপদ নয় স্যুটটি, পিম আর তার মেয়ে হোপের পরিকল্পনা সেই স্যুটটি উদ্ধার করার। এদিকে ঘটনাচক্রে এক বাড়িতে চুরি করার সময় ল্যাং এর হাতে চলে আসে ‘অ্যান্ট-ম্যান’ এ রূপান্তরিত হবার ক্ষমতা প্রদানকারী সেই বিশেষ স্যুটটি।
চরিত্রায়ন
ক্যামেরার সামনে সবচেয়ে স্বচ্ছন্দ ছিলেন ড. হ্যাঙ্ক পিম চরিত্রে অভিনয় করা মাইকেল ডগলাস। সাবেক শিল্ড সদস্যের এই চরিত্রটি মারভেলের তৃতীয় পর্যায়ের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তার উপস্থাপনে সেই বিষয়টি প্রতিফলিত হয়েছে। প্রাক্তন ‘অ্যান্ট-ম্যান’ পিমের সাহসিকতার পেছনের গল্পটাও দারুণ, যেটাকে প্রিকুয়াল হিসেবে সিনেমায় আনার কথাবার্তাও শুরু করেছে মারভেল। একই সাথে গুরুত্বপূর্ণ হোপ ভ্যান ডাইন চরিত্রে অভিনয় করা এভাঞ্জেলিন লিলির চরিত্রটি। মারভেল বরাবরই পুরুষের পাশাপাশি নারীর বীরত্বের উপস্থাপন রাখার চেষ্টা করেছে।তবে বড় ব্যর্থতা এসেছে খলচরিত্রের উপস্থাপনে। ড্যারেন ক্রস এবং ইয়েলো জ্যাকেট চরিত্রে কোরি স্টল অনেক চেষ্টা করলেও তার পর্দায় উপস্থিতি ভুলে যাওয়ার মতই।
তবে প্রশংসাযোগ্য মাইকেল পেনা, ডাস্টমালকিয়ান এবং টি.আই এর অভিনয়। সিনেমায় হাস্যরস সৃষ্টিতে সফল এই তিন জন।
‘অ্যান্ট-ম্যান’ এর অভিনবত্ব একটা বিশেষ জায়গায়। মারভেলের অন্য সিনেমার পর্দায় আরও বেশি কমিকের ঢঙে উপস্থাপন করা হয়েছে সিনেমাটি। চটুল সংলাপ এবং হাস্যরসের উপস্থাপন নিঃসন্দেহে ছিল আনন্দদায়ক। এবং ব্যাপারগুলো কখনও সিনেমাকে মূল প্রসঙ্গ থেকে হটিয়ে দেয়নি।
তবে, সিনেমাটির প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি মারভেল ইউনিভার্সের সুপারহিরোদের তৃতীয় পর্যায়ের সূত্রপাত ঘটিয়েছে। সিনেমায় ফ্যালকনের ক্যামিও উপস্থিতি এবং এন্ড ক্রেডিটে আরও কিছু অ্যাভেঞ্জারের আগমন দর্শকদের জন্য চমক হিসেবে আসে। সিনেমায় আরও উঠে এসেছে বেশ কিছুদিন আগে সনি থেকে মারভেল ইউনিভার্সে ফেরত আসা স্পাইডারম্যানের কথাও। আর সেই সঙ্গে মারভেলের ‘সিভিল ওয়ার’-এ যে অ্যান্ট-ম্যানও সামিল হতে যাচ্ছে তারও ইঙ্গিত দেয়া হয়েছে এই সিনেমায়।
অন্যান্য
কম্পিউটার জেনারেটেড ইমেজারি বা সিজিআই-এর ব্যবহার সিনেমাতে দুর্দান্ত। অ্যান্ট-ম্যান হিসেবে পল রাডের একেবারে ক্ষুদ্র হয়ে যাওয়া কিংবা কোয়ান্টাম সাব-অ্যাটমিক ডাইমেনশন পর্দায় উপস্থাপন করা ছিল একটি চ্যালেঞ্জের ব্যাপার, যেখানে সফল নির্মাতারা।
সংলাপ এবং আবহ সংগীত ছিল উপভোগ্য। একটি সুপারহিরো সিনেমার গতানুগতিক সমাপ্তি অবশ্য কাম্য ছিল না।
শেষকথা
আদপেই পিঁপড়ার আকারের ট্রেইলার, দারুন কিছু কমিক চরিত্র আর সবশেষে অ্যান্ট-ম্যান হিসেবে স্কটের উত্থান- কমিক সুপারহিরো সিনেমা হিসেবে ‘অ্যান্ট-ম্যান’ নিঃসন্দেহে মারভেলের একটি সাফল্য। আর বক্স-অফিসেও সেই সাফল্যের প্রতিফলন ঘটেছে ভালভাবেই।
