ডোনাল্ড ট্রাম্পের জায়গা নেবেন আমাল ক্লুনি?
ব্রিটিশ মানবাধিকার আইনজীবি এববং মার্কিন অভিনেতা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনিকে এবার দেখা যেতে পারে ছোট পর্দায়। রিয়ালিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’ থেকে শিল্পপতি ও রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে আমালকেই নেওয়ার কথা ভাবছে মার্কিন চ্যানেল এনবিসি।
জুনের শুরুতে এক রাজনৈতিক বক্তব্যে মেক্সিকান অভিবাসীদের খুনি এবং ধর্ষক আখ্যা দিয়ে সমালোচনার মুখে পড়েন মার্কিন টিভি জগতের অন্যতম প্রভাবশালী ব্যাক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প। ওই বক্তব্যের জের ধরে সম্প্রতি তাকে অনুষ্ঠানটির সঞ্চালকের পদ থেকে বরখাস্ত করেছে এনবিসি।
এনবিসি এবার এই পদের জন্য খুঁজছে একজন অত্যন্ত সফল নারী পেশাজীবিকে, যিনি নিজের কর্মক্ষেত্রের পাশাপাশি লাল গালিচাতেও সমান জনপ্রিয়।
এ ব্যাপারে এনবিসির পক্ষ থেকে একটি সূত্র জানিয়েছে, “আমরা আমালকে চাই, যদিও আরও দুজন প্রভাবশালী নারী আমাদের বিবেচনায় রয়েছেন। আমরা মনে করি শুটিং-এর সঙ্গে তার শিডিউল যদি মিলে যায়, তবে তিনিই হবেন এর জন্য উপযুক্ত।”
অনুষ্ঠানটি চিত্রায়িত হবে নিউ ইয়র্কে। এখানে কলাম্বিয়া ল স্কুলের একজন অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন তিনি।
২০১৪ সালে মার্কিন অভিনেতা জর্জ ক্লুনিকে বিয়ে করেন আমাল আলামুদ্দিন। তখন থেকেই বিভিন্ন অনুষ্ঠানের লাল গালিচায় স্বামীর বাহুলগ্না হয়ে গণমাধ্যমের নজর কেড়েছেন সফল এই আইনজীবি।
